তিন প্রজন্মের শিল্পচর্চার বিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ ঢাকা আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা
শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ ঢাকা আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা

হলুদ, লাল, নীল, কালো ও সাদার মিশেলে কোথাও বিন্দু, কোথাও বৃত্ত আর সমান্তরাল রেখা। ক্যানভাসজুড়ে ছড়ানো নানা জ্যামিতিক অবয়ব। সব ছাপিয়ে চোখে পড়ে নীল রঙের মুখাবয়ব। যেখানে হলুদ িবন্দু দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দগ্ধ হওয়ার অনুভূতি। প্রয়াত শিল্পী হাসি চক্রবর্তীর অ্যাক্রিলিক মাধ্যমে অাঁকা এই ছবির শিরোনাম ‘বার্নিং ফেস’। ঢাকায় অবস্থানরত চট্টগ্রামের শিল্পীদের এক প্রদর্শনীতে স্থান পেয়েছিল এই শিল্পকর্ম।
২০ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে শেষ হওয়া তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছিল চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ-ঢাকা। প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছিল শিল্পী হাসি চক্রবর্তীকে। দেশের অগ্রগণ্য এই শিল্পী সশরীরে না থেকেও নিজের সৃষ্টির মধ্য দিয়ে উপস্থিত হলেন দর্শকদের সামনে।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা চট্টগ্রাম চারুকলা কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগ ও চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে সবাই অবস্থান করছেন ঢাকায়। চট্টগ্রামের চারুকলার প্রাক্তনীদের নিয়ে গঠিত সংগঠন ‘চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ-ঢাকা’ প্রতিবছর এই প্রদর্শনীর আয়োজন করে। চট্টগ্রামে এই নিয়ে অষ্টমবারের মতো এমন প্রদর্শনী অনুষ্ঠিত হলো।
প্রদর্শনীতে স্থান পেয়েছিল ৯০ জন শিল্পীর ১৮০টি শিল্পকর্ম। প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে অনেকেই চট্টগ্রামের চারুশিল্পের উন্মেষকালের প্রত্যক্ষদর্শী। ছিলেন সদস্য পাস করে যাওয়া শিল্পীরাও। তাই এই প্রদর্শনীতে তিন প্রজন্মের শিল্পীদের শিল্পচর্চার বিবর্তনটাও চোখে পড়েছে। ড্রয়িং, চিত্রকলা, ভাস্কর্য, স্থাপনাশিল্প ইত্যাদি সব মাধ্যমেই কাজ করেছেন শিল্পীরা। প্রকৃতি, জড়জীবন, নারী, রাজনীতি, চলমান বিশ্বসহ নানা অনুষঙ্গ তুলে এনেছেন তাঁরা।
কালি ও কলমে কাজ করেছেন শিল্পী চন্দ্র শেখর দে। ‘অচেনা’ শিরোনামে অাঁকা ছবিটি দেখে ইম্প্রেশনিস্ট শিল্পী সুরাতের কথা মনে পড়ে দর্শকদের। ছবিতে অসংখ্য বিন্দু ব্যবহার করে বাস্তবতার সঙ্গে একধরনের দূরত্ব তৈরি করেন তিনি। তাই দালানের ছাদে আধা যান্ত্রিক নৌকা আর বাতাসে উড়তে থাকা ছাতাকে অস্বাভাবিক মনে হয় না। সব মিলিয়ে বৃষ্টিভেজা স্বপ্নদৃশ্যই যেন রচিত হলো। প্রবীণ এই শিল্পীর দক্ষতা ও শৈলী মুগ্ধ করেছে দর্শকদের।
কে এম এ খাজা কাইয়ূমের ছবির শিরোনাম ‘কাক’। শিল্পাচার্য জয়নুলের পরম্পরা যে প্রজন্মান্তরে প্রবাহিত হচ্ছে, তা যেন আরও একবার অনুধাবন করা গেল। অ্যাক্রিলিক অাঁকা এই ছবির নাম অনায়াসেই হতে পারত ঋণ।
জ্যেষ্ঠ শিল্পীদের মধ্যে ফয়জুল আজিম, নাসিমা মাসুদ ও স্বপন আচার্যের কাজ মুগ্ধতা ছড়িয়েছে। উপলব্ধির সামগ্রিকতাকে ছুঁয়েছেন তাঁরা। অন্যদিকে, নবতর আঙ্গিক নির্মাণের প্রতিই আগ্রহ বেশি দেখা গেল একালের শিল্পীদের কাজে। শিল্পী উত্তম গুহ, মোকারম হোসেন হিরণ, রোমান ভূঁইয়া, সুনীল কুমার পথিক, মাহাবুবর রহমান চৌধুরী কিংবা সুফিয়া বেগমের শিল্পকর্মে সেটা স্পষ্ট হয়ে ওঠে। সব মিলিয়ে শিল্প নিয়ে এই আয়োজন মন ভরিয়েছে দর্শকদের।