তিন প্রশ্নের জবাব
বিশিষ্ট আরব রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা এই মুহূর্তে লিবিয়া প্রসঙ্গে তিনটি জরুরি প্রশ্নের জবাব দিয়েছেন লিবিয়া ও জাতীয় কাউন্সিলের সামনে করণীয় কী? প্রাথমিক উল্লাস-উত্তেজনার রেশ কেটে গেলে লিবীয়রা দেখবে, এ বিজয় কেবল শুরু মাত্র। কর্নেল গাদ্দাফি সেনাবাহিনীসহ দেশের অনেক প্রতিষ্ঠানকেই দাবিয়ে রেখেছেন বা বিলুপ্ত করে দিয়েছেন। দেশে রাজনীতির অস্তিত্ব রাখেননি। কাজেই অনেক কিছু একেবারে প্রথম থেকে শুরু করতে হবে।অবিলম্বেই যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে সেগুলোর কয়েকটি হচ্ছে নিরাপত্তা, পুনর্গঠন ও রাজনৈতিক পালাবদল। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিপ্লব-পরবর্তী চ্যালেঞ্জের মুখে নেতিবাচক চিন্তাভাবনা আসা অস্বাভাবিক নয়। গত পাঁচ মাসে আমরা যা দেখেছি তার ভিত্তিতে বলতেই হয়, একটি কেন্দ্রীয় স্টিয়ারিং কাউন্সিল ও দেশজুড়ে অনেকগুলো আঞ্চলিক বিপ্লবী গ্রুপ গঠন করতে পারাটা একটা সাফল্য। এটা সত্যি, গত বেশ কয়েক সপ্তাহে কিছু মতানৈক্য ও সন্দেহ মাথাচাড়া দিয়েছে। কিন্তু জনমনে যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে তার বিবেচনায় এগুলো ব্যতিক্রমই বলা যায়। লিবিয়ার বিপ্লবে সমাজের সর্বস্তরের লোকের প্রতিনিধিত্ব রয়েছে। বিদ্রোহের নেতারা স্থানীয় ও গোষ্ঠীগত স্পর্শকাতরতার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছেন। মিসর ও তিউনিসিয়ায় পতিত সাবেক শাসকদের ক্ষমতার ভিত্তি, বিশেষ করে সেনাবাহিনী এখনো ক্ষমতায় থেকে গেলেও লিবিয়ায় তা হয়নি। ন্যাশনাল ট্র্যানজিশনাল কাউন্সিলকে অবশ্যই মনে রাখতে হবে, তাদের অনিয়ন্ত্রিত এই ক্ষমতা দীর্ঘায়িত করার যেকোনো কৌশল এড়িয়ে চলতে হবে। লিবিয়ার ঘটনা ‘আরব বসন্ত’কে কী বার্তা দিচ্ছে? আগামী বেশ কয়েক বছর এমনকি দশক লিবীয়দের নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে হবে। এ কারণে লিবিয়ার নতুন নেতারা অদূরভবিষ্যতে আঞ্চলিক বিষয়ে বড় কোনো ভূমিকা রাখার সুযোগ পাবেন না। তবে লিবিয়ার বিদ্রোহীদের সাফল্য নিশ্চিত হওয়ার পর এ অঞ্চলে বিপ্লবের হাওয়া আবার জোরদার হতেই পারে। এক সপ্তাহ আগের চেয়ে এখন সিরিয়ার আসাদ ও ইয়েমেনের সালেহর উদ্বিগ্ন হওয়ার কারণ অনেক বেশি। তেলসমৃদ্ধ লিবিয়া প্রতিবেশী মিসর ও তিউনিসিয়াসহ তিনটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠন কৌশল এবং এলাকার দেশগুলো ও পাশ্চাত্যের সঙ্গে সম্পর্ক সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাশ্চাত্যের বিষয়টাকে কীভাবে দেখা যায়—বিশেষ করে ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে—লিবিয়ায় পশ্চিমের সাফল্যে তাদের প্রাপ্তি কী? প্রথম কথা হচ্ছে, পাশ্চাত্য নেতাদের আত্মতৃপ্তির ঢেঁকুর তোলা বন্ধ করতে হবে। ন্যাটোর বোমাবর্ষণ অবশ্যই সাহায্য করেছে। কিন্তু এ বিজয় লিবিয়ার বিদ্রোহীদের। তাদের প্রথমে লিবীয়দের মনজয় করতে হয়েছে। লিবিয়ার বিদ্রোহীদের সঙ্গে হাত মেলানোর পেছনে পাশ্চাত্যের ভূরাজনৈতিক স্বার্থ রয়েছে, যেমনটা ছিল অতীতে গাদ্দাফি বা হোসনি মোবারকের সঙ্গে দোস্তি গড়ে তোলার সময়ও। সিরিয়ার বিষয়টি অনেক বেশি জটিল। যুক্তরাজ্য ও ফ্রান্সের উচিত হবে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ থেকে দূরে থাকা। লিবীয়দের যে পাশ্চাত্যের সহায়তার জন্য ধন্যবাদ দেওয়ার কিছু নেই তা কিন্তু বলছি না আমি। নতুন এক দৃশ্যপট হিসেবে পাশ্চাত্য শক্তিকে আরব ইতিহাসের সঠিক দিকে দেখতে পাওয়াটা ভালোই। আর পাশ্চাত্যের নেতাদের উচিত হবে না ‘উদার’ আর ‘ইসলামপন্থী’ এই দুই পক্ষের মধ্যে বিভেদ তৈরি করা। লিবিয়ার এখন প্রয়োজন তার সব নাগরিকের মধ্যে সহযোগিতা। সূত্র: আল জাজিরা