
সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে সাত চেয়ারম্যান পদপ্রার্থীর সবাই ব্যবসায়ী। তাঁদের মধ্যে তিন প্রার্থীর বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। নির্বাচন কমিশনে দায়ের করা হলফনামায় বিএনপির কাজী মো. সালাউদ্দীন তাঁর বিরুদ্ধে মামলার কথা উল্লেখ করলেও আওয়ামী লীগের এস এম আল মামুন ও জামায়াতের মোস্তফা নূর তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয় পুরো কিংবা আংশিক গোপন করেছেন।
অন্য চার প্রার্থী হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তফা কামাল চৌধুরী, বিএনপির বিদ্রোহী প্রার্থী দিদারুল ইসলাম মাহমুদ এবং স্বতন্ত্র মহিউদ্দীন আহমেদ ও আবুল কালাম আজাদ চৌধুরী।
প্রার্থীদের হলফনামায় দেখা গেছে, কাজী সালাউদ্দীনের বিরুদ্ধে নয়টি ও জামায়াতের মোস্তফা নূরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এস এম আল মামুনের বিরুদ্ধে কোনো মামলা নেই।
তবে সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, মোস্তফা নূরের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার দায়ে তাঁর বিরুদ্ধে মামলাগুলো করা হয়।
এস এম আল মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের অক্টোবর মাসে উপকূলীয় বন বিভাগ একটি মামলা দায়ের করে। কাজী সালাহ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা নয়টি মামলার সাতটির তদন্ত চলছে ও দুটির অভিযোগ গঠনের দিন ধার্য করা রয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, প্রার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রায় সবগুলোই তদন্তাধীন। আসামিরা জামিনে রয়েছেন।
এ বিষয়ে এস এম আল মামুন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর জানামতে তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই।
হলফনামায় মামলার তথ্য গোপন করার বিষয়ে মোস্তফা নূর বলেন, ‘আমার বিরুদ্ধে মামলার বিষয়টি আগে জানতাম না। কয়েক দিন আগে জানার পর আদালত থেকে জামিন নিয়েছি।’
শিক্ষা ও সম্পদ: প্রার্থীদের হলফনামা অনুযায়ী শিক্ষা ও সম্পদের দিক থেকে এগিয়ে আছেন এস এম আল মামুন। অন্য প্রার্থীদের একজন ছাড়া সবাই স্নাতক পাস। আল মামুন এমবিএ ডিগ্রিধারী। তাঁর কৃষি-অকৃষি জমি, বাড়ি, নগদ টাকা
ও ব্যবসার মূলধনসহ মোট সম্পদের মূল্য ২২কোটি ১৭ লাখ ৫৫ হাজার ৯৭১ টাকা। ব্যবসা, ব্যাংক সুদ ও অন্যান্য খাত থেকে বার্ষিক আয় এক কোটি ৭৭ লাখ ৭৯ হাজার ৮৮৩ টাকা। তাঁর ব্যাংক ঋণ আছে নয় কোটি ১০ লাখ টাকা।
সম্পদের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা মোস্তফা কামাল চৌধুরী এসএসসি পাস। তাঁর আসবাব, বাড়ি, স্বর্ণ ও নগদ টাকা মিলে সম্পদ রয়েছে ৭৩ লাখ ১৭ হাজার ৪৭৮ টাকার। তাঁর স্ত্রীর নামে রয়েছে ১৮ লাখ ২৭ হাজার টাকার সম্পদ। বিভিন্ন খাত থেকে বার্ষিক আয় সাত লাখ ৭০ হাজার টাকা। তাঁর নিজের নামে ৫৬ লাখ ৫১ হাজার ৯১৯ টাকা ও স্ত্রীর নামে পাঁচ লাখ ৫০ হাজার টাকা ঋণ রয়েছে।
দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা বিকম পাস। তাঁর মোট সম্পদের পরিমাণ ২৫ লাখ ৩৮ হাজার ১৬৪ টাকা। বার্ষিক আয় তিন লাখ ৬৮ হাজার টাকা। আয়ের পুরোটাই আসে ব্যবসা থেকে।
সম্পদের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছেন উপজেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক মোস্তফা নূর। তিনি বিএ-এলএলবি পাস। তাঁর সম্পদের পরিমাণ ২১ লাখ তিন হাজার ৫০০ টাকার। বার্ষিক আয় পাঁচ লাখ ৪০ হাজার টাকা। যার মধ্যে কৃষি থেকে এক লাখ, পেশা ও অন্যান্য খাত থেকে আয় দেখিয়েছেন এক লাখ ২০ হাজার টাকা। সবচেয়ে কম সম্পদের মালিক কাজী মো. সালাউদ্দীনের। শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। তিনি সম্পদের পরিমাণ দেখিয়েছেন ছয় লাখ ১০ হাজার টাকার। তাঁর কৃষি জমি ও ব্যবসা থেকে বার্ষিক আয় এক লাখ ৬০ হাজার টাকা। তাঁর নিজের নামে কোনো জমি নেই।