তিন ফসলি জমিতে ইটভাটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পরীরবিল এলাকায় তিন ফসলি জমিতে গড়ে উঠেছে অনুমোদনহীন ইটভাটা। স্থানীয় প্রশাসন জরিমানা করলেও বন্ধ হয়নি ইট উৎপাদন l প্রথম
আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পরীরবিল এলাকায় তিন ফসলি জমিতে গড়ে উঠেছে অনুমোদনহীন ইটভাটা। স্থানীয় প্রশাসন জরিমানা করলেও বন্ধ হয়নি ইট উৎপাদন l প্রথম

আনোয়ারায় তিন ফসলি জমিতে অনুমোদন ছাড়াই একটি ইটভাটা স্থাপন করা হয়েছে। উপজেলার বটতলী ইউনিয়নের পরীরবিল এলাকায় এই ইটভাটা স্থাপন করা হয়েছে। প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা করলেও ওই ভাটায় এখনো ইট তৈরি হচ্ছে।
সম্প্রতি পরীরবিল এলাকায় গিয়ে দেখা গেছে, উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম পাশে পরীরবিল এলাকায় তিন ফসলি জমিতে মোহছেন আউলিয়া ব্রিকস (এমবিএম) নামের এই ইটভাটার অবস্থান। আশপাশের লোকজন বলেন, ইটভাটাটি গত বছরের শুরুর দিকে গড়ে উঠেছে। প্রশাসনের অনুমতি না পেলেও প্রতিষ্ঠানটি ইট তৈরির কাজ করছে। ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০০৩ অনুযায়ী, ফসলি জমিতে ইটভাটা স্থাপনে নিষেধাজ্ঞা আছে। তবে এ ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা মানা হয়নি। কৃষিজমিতে ইটভাটা স্থাপন করায় চাষাবাদে ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।
বটতলী গ্রামের চাষি আলী আহমদ বলেন, ‘যেখানে বছরে তিনবার ধান চাষ হতো, সেখানে ইটভাটা হয়েছে। এতে আমরা বিভিন্নভাবে ক্ষতির আশঙ্কা করছি।’ সরেজমিনে দেখা গেছে, পরীরবিলের এই ইটভাটার পাশেই ফসলি জমি। ওই জমিতে আমন ধান মাড়াই করছিলেন চাষিরা। ইটভাটার সৃষ্ট দূষণে ফসল উৎপাদনে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে তাঁদের অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২১ ডিসেম্বর বেলা ১১টায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ অনুমোদনহীন ওই ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। তবে ইট বানানো ও পোড়ানো বন্ধ করেনি কর্তৃপক্ষ। জানতে ইউএনও গৌতম বাড়ৈ প্রথম আলোকে বলেন, অবৈধভাবে স্থাপন করায় ওই ভাটাকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে।
জরিমানা গুনলেও ইট উৎপাদন থেমে নেই ওই ইটভাটায়। এ বিষয়ে এমবিএম ইটভাটার ব্যবস্থাপক মো. আনিস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সাতকানিয়া, চন্দনাইশসহ বিভিন্ন এলাকায় আমাদের কয়েকটি ইটভাটা আছে। এসব ইটভাটা ধানি জমিতে হয়েছে। আমরা বিভিন্ন দপ্তরে ইটভাটা স্থাপনের জন্য ফি দিয়েছি। এ কারণে ইটভাটায় ইট উৎপাদন করছি।’
জানতে চাইলে বটতলী ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা রমিজ আহমদ বলেন, ছয় মাস আগে ইটভাটাটিতে মাটি কাটার কাজ বন্ধ রাখার জন্য বলা হলেও এখনো তারা তা করেনি। এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইটভাটার কোনোটিরই পরিবেশের ছাড়পত্র নেই। অনুমোদনহীন এসব ইটভাটায়ও পুরোদমে ইট উৎপাদন চলছে।