রাঙামাটির জুরাছড়ি উপজেলার মৈদুং ইউনিয়নের জামেরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ নিজামী তিন বছর ধরে কর্মস্থলে আসছেন না। এই সময়ে তিনি বিদ্যালয় সংশ্লিষ্ট কারও সঙ্গে যোগাযোগও রাখেননি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘মোহাম্মদ উল্লাহ নিজামীর স্থায়ী ঠিকানায় তাঁকে যোগদানের জন্য চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কোনো উত্তর আসেনি। এমনকি কোনো অাত্মীয়স্বজনও যোগাযোগ করেননি। এ জন্য তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি শুরু হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছি। এ ছাড়া গত সোমবার দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি জেলা পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে।’
রাঙামাটির পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান বলেন, ‘কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভাগীয় মামলা করবে। আর আমরাও ওই ব্যক্তি কোথায় আছেন, সেটার খোঁজখবর নেব।’
জুরাছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের নথি থেকে জানা যায়, মোহাম্মদ উল্লাহ নিজামী নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার দৌলতপুর গ্রামের মো. মকরম আলীর ছেলে। ১৯৮৭ সালের ৪ এপ্রিল জুরাছড়ি উপজেলার মৈদুং ইউনিয়নের ফকিরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৫ সালের ৩১ জানুয়ারি একই ইউনিয়নের জামেরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি ২০১৩ সালের ২৮ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
জামেরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দময় চাকমা গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, মোহাম্মদ উল্লাহ নিজামী এ বিদ্যালয়ে যোগদানের পর থেকে প্রায় সময় এক মাস থেকে তিন মাস পর্যন্ত অনুপস্থিত থাকতেন। পরে চিকিৎসাসংক্রান্ত সনদপত্র নিয়ে হাজির হতেন। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগও করা হয়েছিল।
মোহাম্মদ উল্লাহ নিজামী সরকারি চাকরিতে যোগদানের আগে রাঙামাটির আল আমিন মাদ্রাসার তত্ত্বাবধায়ক ছিলেন। মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুল আলম সিদ্দিকী জানান, সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তির আগে ১৯৮০ থেকে ৮২ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক ছিলেন তিনি। বর্তমানে কোথায় আছেন তা তাঁদের জানা নেই।
এ ব্যাপারে জানতে মোহাম্মদ উল্লাহ নিজামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর বর্তমান কোনো ঠিকানা কিংবা মুঠোফোন নম্বর পাওয়া যায়নি।