তিন বছর ধরে কাঠ বিছিয়ে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়ার বরইতলী ইউনিয়নে খয়রাতিপাড়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজনকে ঝুঁকি​ নিয়ে পার হতে হয় ভরা খালের ওপর নির্মিত নড়বড়ে কাঠের সেতু l প্রথম আলো
চকরিয়ার বরইতলী ইউনিয়নে খয়রাতিপাড়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজনকে ঝুঁকি​ নিয়ে পার হতে হয় ভরা খালের ওপর নির্মিত নড়বড়ে কাঠের সেতু l প্রথম আলো

কাঠের সেতু। তাও পাটাতন ভাঙা। ধরার কোনো রেলিং নেই। মানুষ উঠলে নড়তে থাকে। ভয়ে ভয়ে চলে পারাপার। এই হাল কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নের খয়রাতিপাড়া সেতুর। খয়রাতিপাড়া সড়কের ভরা খালের ওপর নির্মিত সেতুটি দিয়ে প্রতিদিন চলাচল করেন সাত গ্রামের মানুষ। সরেজমিনে দেখা যায় এই চিত্র।
স্থানীয় লোকজন জানান, ইউনিয়নের খয়রাতিপাড়া, রসুলাবাদ, সুধাংশুপাড়া, ডেইঙ্গাকাটা, নাথপাড়া, মোজাহেরপাড়া ও পাহাড়তলী এলাকার বাসিন্দাদের একতাবাজার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা সদরে যেতে এই কাঠের সেতু পার হতে হয়।
খয়রাতিপাড়ার বাসিন্দা আবদুল আজিজ (৭০) বলেন, ‘তিন বছর আগে বর্ষার সময় পাহাড়ি ঢলে পাকা সেতুটি ভেঙে পড়ে। এরপর থেকে স্থানীয় লোকজন চাঁদা তুলে কাঠ দিয়ে সেতু বানিয়ে চলাচল করছে। গত জুন-জুলাই মাসের বন্যায় কাঠের সেতুটিও ভেসে যায়।’
রসুলাবাদ গ্রামের বাসিন্দা মো. শাহেদুল ইসলাম (২০) বলেন, ‘একতাবাজারে হাট বসে সপ্তাহের শুক্র, রবি ও বুধবার। বাজারে আসতে ঝুঁকিপূর্ণ এই কাঠের সেতুই ভরসা।’
ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্র জানায়, ১৯৮৫ সালের দিকে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতুটি নির্মাণ করে। এরপর আর সংস্কার হয়নি। প্রতি বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের ধাক্কায় ধীরে ধীরে সেতুটির গোড়া থেকে মাটি সরতে থাকে। একপর্যায়ে ২০১০ সালে বর্ষায় সেতুর একাংশ ভেঙে যায়। তখনো ঝুঁকি নিয়ে চলাচল করে লোকজন। পরবর্তী সময়ে ২০১২ সালের বর্ষা মৌসুমে একেবারে ভেঙে যায়।
উত্তর বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. সায়েম ও নাজমা আকতার বলে, ‘কাঠগুলো নরম হয়ে গেছে। ভয়ে থাকি কখন পড়ে যাই।’
বরইতলী ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, ‘সাত গ্রামের অন্তত তিন শতাধিক শিশু সেতুর ওপারে উত্তর বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয় ও বরইতলী দাখিল মাদ্রাসায় পড়ালেখা করছে। তারা প্রতিদিন ঝুঁকি নিয়ে কাঠের সেতুটি পার হয়।’ নাছির উদ্দিন আরও বলেন, ‘বর্তমানে জনপ্রতিনিধি থেকে শুরু করে গ্রামের সচ্ছল বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে কাঠের সেতু বানিয়ে পারাপার হচ্ছে মানুষ। একটি পাকা সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে তিন বছর ধরে অনেক দেনদরবার করেছি। এখনো কিছুই হয়নি।’
এ প্রসঙ্গে এলজিইডির, চকরিয়া উপজেলা প্রকৌশলী আমিন উল্লাহ বলেন, শিগগির বরইতলী-হারবাং সংযোগ সড়কের কাজ শুরু হবে। ওই সময় খয়রাতিপাড়ায় কাঠের স্থলে পাকা সেতু নির্মাণ করার ব্যবস্থা নেওয়া হবে।