তিন বছর ধরে নষ্ট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এক্স-রে যন্ত্রটি প্রায় তিন বছর ধরে নষ্ট অবস্থায় পড়ে আছে। ফলে এলাকার রোগীদের স্থানীয় বেসরকারি রোগ নিরূপণিকেন্দ্রে গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে এক্স-রে করাতে হয়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী গরিব রোগীরা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৭ জুলাই এখানে এক্স-রে যন্ত্রটি সরবরাহ করা হয়। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে এটি চালু করতেই সময় লাগে তিন বছরের বেশি। ২০০৮ সালের ৮ আগস্ট চালু করা হলেও ২০০৯ সালের প্রথম দিকে তা আবার বিকল হয়ে যায়। কিছুদিন পর যন্ত্রটি মেরামত করে পুনরায় চালু করা হয়। সর্বশেষ ২০১০ সালের ২৮ আগস্ট থেকে তা বিকল অবস্থায় পড়ে আছে। এটি মেরামত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লেখালেখি করেও কোনো কাজ হয়নি। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়া সড়ক দুর্ঘটনায় আহত সুয়াবিল গ্রামের বাসিন্দা সজল চক্রবর্তী বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্রটি খারাপ থাকায় বাইরের রোগ নিরূপণিকেন্দ্র থেকে ৩৮০ টাকা দিয়ে আমার হাতের এক্স-রে করাতে হয়েছে। টাকা খরচ করে বাইরে থেকে এক্স-রে করানো আমার মতো গরিব রোগীদের জন্য খুবই কষ্টকর।’ স্বাস্থ্যকেন্দ্রের মহিলা শয্যায় থাকা মোমেনা বেগম (৩৬) বলেন, ‘বুকের ব্যথার চিকিৎসা জন্য এক সপ্তাহের মধ্যে আমার তিনবার এক্স-রে করাতে হয়েছে। প্রতিবারই বাইরের প্রতিষ্ঠান থেকে এক্স-রে করাতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।’রোসাংগিরী ইউনিয়ন পরিষদের সচিব মো. জাকারিয়া সিকদার জানান, এক্স-রে যন্ত্রটি দিনের পর দিন নষ্ট অবস্থায় পড়ে থাকায় এটি কারও উপকারে আসছে না। এলাকার গরিব রোগীদের কথা বিবেচনা করে যন্ত্রটি দ্রুত মেরামত করা উচিত বলে তিনি মন্তব্য করেন। টেকনিশিয়ান মুহাম্মদ আরিফ উদ্দিন জানান, এক্স-রে যন্ত্রটি মেরামতের ব্যাপারে সেন্ট্রাল মেডিসিন হেলথ কার্যালয়ে পাঁচ মাস আগে প্রতিবেদন পাঠিয়েছে যন্ত্রটি সরবরাহকারী প্রতিষ্ঠান ট্রান্সমেট লিমিটেড কর্তৃপক্ষ। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ দত্ত প্রথম আলোকে জানান, এক্স-রে যন্ত্রটি মেরামতের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লেখা হয়েছে। কিন্তু কার্যাদেশ না পাওয়ায় এটি মেরামত করা যাচ্ছে না। এতে সাময়িকভাবে রোগীদের অসুবিধা হচ্ছে।