তিন বছর ধরে পড়ে আছে কোটি টাকায় নির্মিত পানি শোধনাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত দীঘিনালার পানি শোধনাগারটি তিন বছরেও চালু হলো না। আয়রনমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ২০০৪ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরে একটি পানি শোধনাগার নির্মাণ করে। ২০০৮ সালে শোধনাগারের নির্মাণ শেষ হয়। তবে এখন পর্যন্ত চালু হয়নি। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় শোধনাগারের মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। গত বছরের জুন মাসে শোধনাগারটির প্রায় দুই লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০০৪ সালে তাদের ত্বরান্বিত প্রকল্পের আওতায় ৯৬ লাখ টাকা ব্যয়ে দীঘিনালা উপজেলা সদরে আয়রনমুক্ত পানি শোধনাগার নির্মাণ করা হয়। ২০০৮ সালে শোধনাগার নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান এনএস ইঞ্জিনিয়ারিং শোধনাগারটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বুঝিয়ে দেয়। ২০০৮ সালে সম্পূর্ণ বুঝে নেওয়ার পর তিন বছরেও তা চালু করতে পারেনি। শোধনাগারটিতে প্রতিদিন দুই লাখ গ্যালন পানি শোধন করে ৫০০ গ্রাহকের মধ্যে বিতরণের ধারণক্ষমতা রয়েছে। দীঘিনালা উপজেলার বৃহত্তম পাইকারি বাজার বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম বলেন, ‘পানি শোধনাগারটি চালু হলে বেশি উপকার হতো বাজারের ব্যবসায়ীদের। পাহাড়ের ওপরে বাজারে বড় সমস্যা পানির।’ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দীঘিনালার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার জানান, বিদ্যুৎ সমস্যার কারণে শোধনাগারটি চালু করা যাচ্ছে না। দীর্ঘদিন পড়ে থাকায় শোধনাগারের মূল্যবান যন্ত্রাংশও চুরি হয়ে যাচ্ছে। বিদ্যুৎসংযোগের জন্য টাকা জমা দেওয়া হয়েছে, সংযোগ পেলেই পানি সরবরাহ চালু করা হবে। দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্নমানিক চাকমা জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পানি শোধনাগারে বিদ্যুৎসংযোগের অনুমোদন দিয়েছে। তবে কিছু কারিগরি অসুবিধার কারণে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে বৈঠক করে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।