তিন বছর পরও লোহাগাড়া ট্রমা সেন্টার চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগে নির্মাণকাজ শেষ হয়েছে লোহাগাড়া ট্রমা সেন্টারের। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের রশি টানাটানিতে ট্রমা সেন্টারটির হস্তান্তর বিলম্বিত হচ্ছে। ফলে দুর্ঘটনাকবলিত লোকজন কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ট্রমা সেন্টারের সেবা পাচ্ছেন না।সম্প্রতি সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের মধ্যবর্তী লোহাগাড়া উপজেলায় ট্রমা সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয় ২০০৭ সালের জুন মাসে। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক কনসট্রাকশন লিমিটেড এই হাসপাতালের নির্মাণকাজের দায়িত্ব পায়। তিন তলাবিশিষ্ট এ হাসপাতালের ২০টি শয্যা রয়েছে। এর মধ্যে বিশেষ (ভিআইপি) কেবিন দুটি, সাধারণ শয্যা ১৬টি।২০০৮ সালের শেষের দিকে ট্রমা সেন্টারের নির্মাণকাজ শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি। তবে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের বক্তব্য ভবনটিতে পানি ও বিদ্যুৎসংযোগ দেওয়া হয়নি। কিছু কিছু কাজ এখনো অসম্পূর্ণ। তাই হস্তান্তর প্রক্রিয়া থেমে আছে।এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) আবদুল কাইয়ুম প্রথম আলোকে জানান, ট্রমা সেন্টারের ভবন নির্মাণ শেষ হলেও এখানে বিদ্যুৎসংযোগ ও পানির ব্যবস্থা নেই। অপারেশন থিয়েটার অসম্পূর্ণ। এ ছাড়াও পেছনের মাটি ঠিকমতো ভরাট করা হয়নি। অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করা হয়নি। তাই ভবনটি ঠিকাদারের কাছ থেকে বুঝে নেওয়া হয়নি। মার্ক কনসট্রাকশন লিমিটেডের কর্মকর্তা আবুল বশর বলেন, ‘নির্মাণ শেষে ট্রমা সেন্টারটি উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার হস্তান্তর করতে চেয়েছি। কিন্তু তাঁরা আমাদের কথায় সাড়া দেননি।’ তিনি দাবি করেন, ট্রমা সেন্টারে বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়ার দায়িত্ব আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামশুজ্জামান ভূঁইয়া জানান, চট্টগ্রাম-কক্সবাজার ১৫০ কিলোমিটার মহাসড়কে বিশেষ করে দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়ায় প্রতিদিন মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি কক্সবাজার ও বান্দরবান পর্যটন এলাকা হওয়ায় বাইরের অনেক লোক এখানে বেড়াতে এসে দুর্ঘটনায় পড়েন। এ জন্য ট্রমা সেন্টারটি অতি জরুরি ভিত্তিতে চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এতে দুর্ঘটনায় আহত ব্যক্তিরা তাৎক্ষণিক চিকিৎসা পেত।লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা জানান, ট্রমা সেন্টারের অসমাপ্ত কাজ সমাপ্ত করলে জনগণ এর সুফল পেত। এ ব্যাপারে গণপূর্ত বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ ও যান্ত্রিক) নুরুল ইসলাম জানান, বিদ্যুৎসংযোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।