খাগড়াছড়ির প্রস্তাবিত বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা) শিল্পনগরে প্লট বরাদ্দ দেওয়া শুরু হয়েছে তিন বছর আগে। এরই মধ্যে বরাদ্দের জন্য নির্ধারিত ৭১টি প্লটের মধ্যে অর্ধেকেরও কম প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ভবন নির্মাণ চলছে মাত্র দুটি প্লটে। বাকি প্লটগুলো বরাদ্দ নেওয়ার মতো আগ্রহী লোক পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় শিল্পনগরটি আদৌ আলোর মুখ দেখবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।জানা গেছে, পর্যাপ্ত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং ঝূঁকিপূর্ণ যোগাযোগব্যবস্থার কারণে এখানে শিল্প স্থাপনে কেউ আগ্রহ দেখাচ্ছেন না। এ ছাড়া, স্থানীয় ব্যাংকগুলোও শিল্প স্থাপনের জন্য ঋণ দিতে অনীহা প্রকাশ করছে বলে জানা গেছে। বিসিক সূত্র জানায়, খাগড়াছড়ি সদর থেকে দুই কিলোমিটার দূরে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সংযোগস্থল জিরো মাইল এলাকায় ১০ একর জায়গার ওপর বিসিক শিল্পনগর প্রতিষ্ঠার উদ্যোগ নেয় সংস্থা। ইতিমধ্যে বিদ্যুৎ ও পানি সরবরাহের লাইন স্থাপন করে জায়গাটি শিল্প স্থাপনের উপযোগী করে তোলা হয়েছে। তবুও এখানে শিল্প স্থাপনে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যাচ্ছে না।শিল্পনগরের কর্মকর্তা এ কে এম সাদেকুর রহমান জানান, ২০১০ সালের জুন থেকে প্রস্তাবিত শিল্পনগরে প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে। ৭১টি প্লটের মধ্যে ১৬টি শিল্পের বিপরীতে ৩৪টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি প্লটগুলো বরাদ্দ নেওয়ার জন্য কেউ এগিয়ে আসছেন না।বিসিক থেকে প্লট নিয়েছেন খাগড়াছড়ি পৌরসভার বর্তমান মেয়র রফিকুল আলম। প্লট বরাদ্দ নিয়ে কাজ শুরু না করা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যেকোনো শিল্প স্থাপনের পূর্বশর্ত হলো জ্বালানির নিশ্চয়তা। খাগড়াছড়িতে বিদ্যুতের কোনো নিশ্চয়তা নেই। যেটুকু সময় বিদ্যুৎ পাওয়া যায় তা-ও লো-ভোল্টেজে। বিদ্যুতের বিকল্প হিসেবে গ্যাসের ব্যবস্থা থাকলেও শিল্প স্থাপনের পরিবেশ তৈরি হতো। এ ছাড়া, স্থানীয় ব্যাংকগুলো শিল্প স্থাপনের জন্য ঋণ দিতে চাচ্ছে না। এ অবস্থায় এখানে শিল্পস্থাপন লাভজনক হবে বলে মনে করি না।’খাগড়াছড়ি চেম্বারের পরিচালক সুদর্শন দত্ত বলেন, এখানে শিল্প কারখানা স্থাপিত হলে এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কিন্তু বিদ্যুৎ ও ঝুঁকিপূর্ণ যোগাযোগব্যবস্থার কারণে প্লট বরাদ্দ পাওয়া ব্যবসায়ীরা শিল্প স্থাপনে সাহস পাচ্ছেন না। তিনি অভিযোগ করেন, খাগড়াছড়ি জেলায় গ্যাস উৎপাদিত হলেও সেই গ্যাস এখন জেলার বাইরে চট্টগ্রামে চলে যাচ্ছে। অন্তত শিল্প স্থাপনের জন্য এখানে গ্যাসের সরবরাহ নিশ্চিত করা উচিত বলে তিনি মন্তব্য করেন। এ ছাড়াও তিনি জানান, খাগড়াছড়ির বিভিন্ন সড়কে অসংখ্য মেয়াদোত্তীর্ণ বেইলি সেতু রয়েছে। এসব সেতু যেকোনো মুহূর্তে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এতে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে বিপর্যয় দেখা দিতে পারে। সুদর্শন দত্ত খাগড়াছড়িতে বিদ্যুতের গ্রিড উপকেন্দ্র স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি প্লট বরাদ্দ নেওয়া মালিকদের শিল্প স্থাপনের কাজ শুরু করে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টির পরামর্শ দেন।