তিন বছরে দ্বিগুণ ভাসমান যৌনকর্মী
এক বছর আগে অনেক স্বপ্ন নিয়ে চট্টগ্রামগামী বাসে উঠেছিলেন নোয়াখালীর মেয়ে রুমি বেগম (ছদ্মনাম)। ঘুমভাঙা শহরে নামার পরই ফিকে হতে শুরু করে সে স্বপ্ন। দারুণ ইচ্ছে থাকলেও পোশাক কারখানায় চাকরি জোটেনি রুমির, বাধ্য হয়ে কাজ নেন গৃহপরিচারিকার। ওই বাসায় ছিলেন আরেক গৃহপরিচারিকা। একদিন রুমির সরলতার সুযোগ নিয়ে ওই মেয়েটি ছয় হাজার টাকায় দালালের কাছে বিক্রি করে দেন। তখন একটি ঘরে বন্দী করে রাখা হতো, সেই ঘরে আসতেন খদ্দেররা। একসময় যৌনকাজে বাধ্য করা হয় তাঁকে। রাজি না হওয়ায় প্রথম দিকে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হতো। এভাবেই অন্ধকার জীবনের চোরাগলিতে হারিয়ে যান রুমি। এক বছর ধরে অন্ধকার জগতে হাবুডুবু খাচ্ছেন তিনি। রুমির চার বছর বয়সী একটি ভাই আছে, সে পঙ্গু। পরিবার রুমির আয়ের ওপরই নির্ভরশীল। এখন রাতে ছোট ভাইকে ঘরে আটকে রেখে বাইরে যান, জিইসি মোড় এলাকায় খদ্দেরের অপেক্ষায় থাকেন। পঙ্গু ভাইটি একলা ঘরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। রুমি জানান, প্রতিজন খদ্দেরের কাছ থেকে ৫০০-৭০০ টাকা নেন। ওই টাকায় ছোট ভাইকে নিয়ে ছোট সংসার সামলান, কিছু টাকা সঞ্চয়ও করেন। কারণ এখনো তিনি স্বপ্ন দেখেন, ভালো কোনো চাকরি পেলে এ পেশা ছেড়ে দেবেন। কেউ যদি ভালোবেসে যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি হন, রুমি হয়ে যাবেন পুরোদস্তুর গৃহবধূ। নগরে ভাসমান (গৃহহীন) যৌনকর্মীর সংখ্যা বাড়ছে। ভাগ্য বদলের আশায় গ্রাম থেকে শহরে আসা নারীরাই এ পেশায় জড়িত হচ্ছে বেশি। এদের সংখ্যা মোট যৌনকর্মীর প্রায় অর্ধেক। বেশির ভাগ প্রতারণার শিকার হয়ে এ পেশায় আসতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে। এদের মধ্যে যৌনরোগ সম্পর্কে সচেতনতা তেমন নেই। নিরোধক (কনডম) ব্যবহার না করায় অনেকে যৌন রোগে আক্রান্ত হচ্ছেন। এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের প্রধান এবং এইডস বিশেষজ্ঞ এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘যৌনকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি হয় গনোরিয়া। এ ছাড়া সিফিলিস, সেনক্রয়েড, ক্লাইমেডিয়া, হারফিজও হয়। সচেতনতার অভাবে যৌনকর্মীরা সময়মতো চিকিৎসা নেন না। ফলে এটা খদ্দেরদের মধ্যে ছড়িয়ে পড়ে। জানা যায়, বেসরকারি সংস্থার সহায়তায় কেউ কেউ এ পেশা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন, কেউ পিয়ার এডুকেটর হিসেবে যৌনকর্মীদের নানা বিষয়ে সচেতন করেন। বেসরকারি সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) সাম্প্রতিক জরিপে জানা গেছে, বর্তমানে (সেপ্টেম্বর ২০১০) নগরে দুই হাজার গৃহহীন যৌনকর্মী আছে। ২০০৭ সালে ছিল এক হাজার ১০৩ জন। সে হিসেবে তিন বছরে ভাসমান যৌনকর্মীর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। বর্তমান যৌনকর্মীদের মধ্যে ২৮ শতাংশের বয়স ২০ বছরের নিচে। ৫৩ শতাংশের বয়স ২০-২৯ বছর। এদের মধ্যে ২২ শতাংশ পড়াশোনা করেন। ৪২ শতাংশ বস্তিতে, ৩৬ শতাংশ খোলা আকাশের নিচে বাস করেন।জানা যায়, নগরের রেলওয়ে স্টেশন, কদমতলী, প্রেক্ষাগৃহ আলমাস-দিনার এলাকা, কাজীর দেউড়ি, পাহাড়তলী, ষোলশহর রেলওয়ে স্টেশন, বাদামতলী, বারেক বিল্ডিং, আগ্রাবাদ শিশুপার্ক, পতেঙ্গা সমুদ্রসৈকত, স্টেডিয়াম, গোলপাহাড় মোড়ে যৌনকর্মীদের আনাগোনা বেশি।২৪ বছর এ পেশায় ছিলেন রুবি বেগম (ছদ্মনাম)। দালালের খপ্পরে পড়ে এ পেশায় এসেছিলেন, ছেড়েছেন চার বছর আগে। এখন তিনি ইপসাতে যৌনকর্মীদের পিয়ার এডুকেটর হিসেবে কাজ করেন। বিকেল পাঁচটা থেকে রাত পর্যন্ত বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর স্টেশন, দুনম্বর গেট ও বায়েজিদ এলাকায় যৌনকর্মীদের মধ্যে নিরোধক বিলি করেন, এইডস সম্পর্কে সচেতন করেন। রুবি জানান, তাঁর ১৫ বছর বয়সী মেয়েটি আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে। জানা যায়, যৌনকর্মীদের ৪৯ শতাংশ গ্রাম থেকে এসে এ পেশায় জড়িয়ে পড়েছেন। তাঁদের ৩৬ শতাংশ দারিদ্র্যের কারণে এবং ৪৭ শতাংশ দালালের হাতে পড়ে এ পেশায় এসেছেন। এদের মধ্যে ৫১ শতাংশের দৈনিক আয় ১০০-২৯৯ টাকা। ভাসমান যৌনকর্মীদের খদ্দেরদের মধ্যে ৬২ শতাংশ বাস-ট্রাকচালক এবং দশমিক ৬ শতাংশ রিকশাচালক। জরিপের তথ্য পর্যালোচনা করে জানা যায়, যৌনকর্মীদের ৪৯ শতাংশ নিয়মিত মাদকসেবন করেন। ৫০ শতাংশ নিরোধক ব্যবহার ও যৌনরোগ সম্পর্কে সচেতন নন। ইপসার প্রকল্প ব্যবস্থাপক লুৎফুন নাহার বলেন, ‘ইপসা এ পর্যন্ত দুই হাজার ৪০০ যৌনকর্মী ও ২২ হাজার খদ্দেরের কাছে নিরাপদ যৌনসম্পর্ক স্থাপনে সচেতন করতে সক্ষম হয়েছে।’সাতকানিয়ার মেয়ে জেসমিন আকতার (ছদ্মনাম) তিন বছর আগে গ্রাম থেকে শহরে এসেছিলেন পোশাককারখানায় চাকরি করতে। তখন তাঁর বাবা অসুস্থ ছিলেন। প্রতারণার শিকার হয়ে পা বাড়ান এ পথে। জেসমিন খদ্দেরের কাছ থেকে দুই-এক হাজার টাকা নেন। প্রতি সপ্তাহে গ্রামের বাড়ি যান তিনি। যৌনরোগ সম্পর্কে সচেতন হলেও খদ্দেরের চাপে পড়ে মাঝেমধ্যে নিরোধক ব্যবহার করতে পারেন না। যৌনকর্মীদের নিয়ে কাজ করা মধুমিতা সেন্টারের ব্যবস্থপক পূরবী চক্রবর্তী জানান, ‘এখানে নিয়মিত এইডস পরীক্ষা করা হয়। তবে এইডস রোগী হিসেবে শনাক্ত করা যায়নি কাউকে। যৌনকর্মীরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন, তাঁরা নিরাপদ যৌনসম্পর্ক স্থাপনে আগ্রহী।’ পুষ্পা (ছদ্মনাম) সদ্য কৈশোরে পড়েছেন মাত্র। প্রাথমিক পর্যন্ত লেখাপড়া করেছেন। আট বছর আগে ক্রমিক ধর্ষণের শিকার হন তিনি। এরপর ক্ষোভে অপমানে ঘর থেকে বেরিয়ে আসেন। পুষ্পা বলেন, ‘এ জীবনে টাকা আছে, আর কিছু নেই। সমাজের সভ্য মানুষগুলোই তো আসেন আমাদের কাছে। অথচ সেই সমাজই আমাদের ঘৃণা করে।’