কক্সবাজারে মানব পাচার আইনে ২০১২ সালের মে মাস থেকে ২০১৫ সালের ৩০ জুলাই পর্যন্ত মামলা হয়েছে ৩২১টি। এর মধ্যে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে মাত্র ১৩টি মামলার। বাকি মামলাগুলোর এখনো তদন্ত চলছে। কক্সবাজারে মানব পাচারের আলাদা আদালত না থাকায় এসব মামলার বিচার কার্যক্রম চলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে।
কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) নুরুল ইসলাম বলেন, ‘মামলার তদন্ত কার্যক্রম চলছে ধীর গতিতে। এ পর্যন্ত ১৩টি মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মানব পাচারের ঘটনা বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করলেও আমরা কিছুই করতে পারছি না। পুলিশ কামলা (সহযোগী) ধরে মামলা দিচ্ছে বলে মানব পাচার ঠেকানো যাচ্ছে না।’
পুলিশ সূত্র জানায়, ২০১২ সালের ৩০ অক্টোবর টেকনাফের সেন্ট মার্টিনের অদূরে ১২৮ জন মালয়েশিয়াগামী যাত্রী নিয়ে ডুবে যায় একটি ট্রলার। এ সময় কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা সাগর থেকে ভাসমান অবস্থায় ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করেন। অপর ১২২ জন যাত্রী নিখোঁজ হন। নিখোঁজ যাত্রীরা সবাই টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাসিন্দা। পরদিন কোস্টগার্ড স্থানীয় শাহপরীর দ্বীপের বাসিন্দা ধলু হোসনসহ ১৫ দালালের বিরুদ্ধে টেকনাফ থানায় মানব পাচার আইনে একটি মামলা করে। প্রায় তিন বছরেও এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা সম্ভব হয়নি। অবশ্য গত ৮ মে ভোররাতে টেকনাফ সৈকতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় ধলু হোসনসহ তিনজন মানব পাচারকারীর মৃত্যু হয়। অপর দুজন হলেন সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের জাহাঙ্গীর আলম ও হারিয়াখালী গ্রামের জাফর আলম। তিনজনের বিরুদ্ধে টেকনাফ থানায় মানব পাচার আইনে মামলা ছিল ৬ থেকে ১৮টি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারাই (সিআইডি) এই মানব পাচার মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করার কথা।
এদিকে চলতি বছরের ২৯ জানুয়ারি ভোরে কুতুবদিয়া উপকূলের ডুবোচরে আটকা পড়ে মালয়েশিয়াগামী যাত্রীবোঝাই একটি ট্রলার উল্টে যায়। ওই সময় কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা সাগরে তল্লাশি চালিয়ে ৪৩ যাত্রীকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার করা হয় সাতজনের লাশ। ট্রলারডুবির ঘটনায় কুতুবদিয়া থানায় কক্সবাজার সদর উপজেলার পোকখালী গ্রামের নুর মোহাম্মদ, ওবায়দুল হক, ইসমাইল হোসেন, ইয়াছিন হোসেন, মো. রাসেল ও মো. তৈয়ুবসহ ১২ দালালের বিরুদ্ধে হত্যা ও মানব পাচার আইনে পৃথক দুটি মামলা করা হয়। ওই মামলা দুটির অভিযোগপত্র এখনো দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আংসা থোয়াই জানান, ঘটনার পর ১০ দিন পুলিশ এই মামলা তদন্ত করে। এরপর অধিকতর তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয় এই মামলা।
জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, ডিবি পুলিশ এই মামলাটি পাঁচ মাস তদন্ত করে। এরপর অধিকতর তদন্তের জন্য ওই মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডি কক্সবাজারের পরিদর্শক (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, কক্সবাজারের মানবপাচারের বহু মামলা ঢাকার সিআইডি তদন্ত করছে। এ ব্যাপারে তিনি বিস্তারিত জানেন না।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালের ১ মে থেকে ২০১৫ সালের ৩০ জুলাই পর্যন্ত তিন বছরে টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, কুতুবদিয়া ও চকরিয়া থানায় মানব পাচার আইনে মামলা হয় ৩২১টি। এর মধ্যে ১২৭টি মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়। ৭০টির বেশি মামলার তদন্তকাজ প্রায় শেষ করেছে সিআইডি। বাকি মামলা তদন্ত করছে পুলিশ। জেলা পুলিশ ও সিআইডি সূত্র জানায়, টেকনাফের ছয়টি, চকরিয়ার দুটি ও চট্টগ্রামের পতেঙ্গার একটিসহ ৯টি মানব পাচার মামলার তদন্ত করছেন সিআইডির ঢাকা কার্যালয়ের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির।
মামলার তদন্তের ধীর গতি প্রসঙ্গে জানতে চাইলে হুমায়ুন কবির মুঠোফোনে জানান, মামলার এজাহারভুক্ত বহু সাক্ষী (যাত্রীরা) এলাকায় অনুপস্থিত। সম্ভবত তারা পুনরায় মালয়েশিয়া পাড়ি দিয়েছেন। অধিকাংশ মামলায় আসামির (দালাল) নাম থাকলেও ঠিকানা ঠিক নেই। অনেক আসামি বিদেশে আত্মগোপন করে। এই কারণে মামলার তদন্তকাজ শেষ করতে বিলম্ব হচ্ছে।
কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, এসব মামলার ১ হাজার ৬০৯ আসামির (দালাল) মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৪৯৪ জনকে। এ সময় সমুদ্র উপকূল থেকে উদ্ধার করা হয়েছে তিন হাজার ৯০ জন বাংলাদেশি যাত্রীকে। ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে পাঁচজন শীর্ষ মানবপাচারকারী। এরপর অন্য আসামিরা আত্মগোপন করায় ধরা যাচ্ছে না।
গত ৮ আগস্ট কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিচারক, ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র্যাব, আইনজীবীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ত্রৈমাসিক বিচার বিভাগীয় ও পুলিশি ম্যাজিস্ট্রেসি সম্মেলনেও এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খান বলেন, মানব পাচারের ঘাট ‘কক্সবাজার উপকূল’ এখন বিশ্বব্যাপী আলোচিত নাম। মানব পাচার মামলায় উদ্ধার যাত্রী ও আটক ব্যক্তিদের (দালাল) আদালতে হাজির করে ১৬৪ ধারার জবানবন্দি গ্রহণ করা হয় না। ফলে মামলার দীর্ঘসূত্রতার পাশাপাশি মানব পাচারের মূল হোতারা ধরা ছোঁয়ার বাইরে থাকছে।
সরকারি কৌঁসুলি (পিপি) নুরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাচারের সময় উদ্ধার ভিকটিম (যাত্রী) ধরে আদালতে পাঠালেও তাঁরা দালালের নাম বলতে পারে না। পুলিশের দায়িত্ব-কারা অসহায় লোকজনকে পাচার করছে তা বের করা।
এ ব্যাপারে পুলিশ সুপার বলেন, মানব পাচার মামলা পুলিশ রেকর্ড করে। তদন্ত করে সিআইডি। সে ক্ষেত্রে পুলিশ সহযোগিতা দেয়। উদ্ধার ব্যক্তি মানব পাচার কিংবা দালালদের ব্যাপারে সঠিক তথ্য দিতে পারে না। আদালতে হাজির করলেও একই অবস্থা। তাই ১৬৪ ধারার জবানবন্দি গ্রহণ করা হয় না। আবার রিমান্ডে এনে পুলিশ কাউকে জিজ্ঞাসাবাদ করলে মানবাধিকারের প্রশ্ন ওঠে।