তিন বছরেও চালু হলো না পাঠাগারটি
তিন বছর আগে ভবন নির্মাণ শেষ হলেও চালু হয়নি সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুল হক স্মৃতি পাঠাগার। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার এই পাঠাগারে বই, লোকবল ও প্রয়োজনীয় অবকাঠামো নেই। একজন তত্ত্বাবধায়ক দৈনিক ভিত্তিতে পাঠাগারের দেখভাল করেন। আসবাব বলতে আছে কয়েকটি বইয়ের শেলফ, দেড় শ বই ও একটি টেবিল। এসব কারণে এই পাঠাগারে পাঠক আসেন না। তাই ভবনটি এখন বন্ধই পড়ে থাকে।লোহাগাড়া উপজেলার গণগ্রন্থাগারের অবস্থাও বেহাল। পর্যাপ্ত বই না থাকায় সেখানেও শিক্ষার্থীরা যান না। বিকল্প গ্রন্থাগার গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে লোহাগাড়া উপজেলা পরিষদ চত্বরে শহীদ মেজর নাজমুল হক স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু তিন বছরেও পাঠাগারটিতে বই পড়ার পরিবেশ তৈরি না হওয়ায় হতাশ পাঠকেরা।পাঠাগারের তত্ত্বাবধায়ক লিটন মল্লিক জানান, পাঠাগারটি প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এমন অদ্ভুত সময়সূচির কারণেও পাঠাগারে পাঠকেরা আসেননি। তাই গত তিন বছর ধরে এটি খোলা হয় না। তা ছাড়া পাঠাগারটির জন্য নেই কোনো বাৎসরিক বরাদ্দ। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, এক কক্ষের পাঠাগারের বইয়ের শেলফ, টেবিল চেয়ার ও বই অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে। পাঠাগারে আসবাব বলতে আছে একটি টেবিল ও ছয়টি চেয়ার। সব কিছুর ওপর ধুলার আস্তর।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আক্তার আহমদ সিকদার জানান, লোহাগাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার নাজমুল হকের স্মৃতি রক্ষায় পাঠাগারটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এতদিনেও এটি চালু না হওয়া সত্যিই দুুঃখজনক। চুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা জানান, শিক্ষার্থীদের জন্য পাঠাগারে পাঠ্যবই, শিল্প-সাহিত্য ও বিজ্ঞানবিষয়ক বই থাকলে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটতো।লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী জানান, চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে একজন সেক্টর কমান্ডারের স্মৃতি রক্ষায় এই পাঠাগার স্থাপন করা হয়। তবে এখনো বার্ষিক বরাদ্দ ও লোকবল নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে এটি চালু করার জন্য প্রয়োজনীয় বই ও আসবাবপত্র সংগ্রহের চেষ্টা চলছে।লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিজনূর রহমান বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। পাঠাগারটি চালুর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যেগ নেব।’