তিন বছরেও চালু হয়নি লোহাগাড়া ট্রমা সেন্টার
কোটি টাকা ব্যয়ে লোহাগাড়া ট্রমা সেন্টারের নির্মাণকাজ শেষ হয়েছে তিন বছর আগে। কিন্তু জনবল ও যন্ত্রপাতির অভাবে এটি চালু করা যাচ্ছে না। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে দুর্ঘটনায় আহত লোকজনসহ সংশ্লিষ্ট অন্য রোগীরা। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় ট্রমা সেন্টারটি চালু করা যাচ্ছে না। সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকসহ দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার সাধারণ জনগণের প্রধান যাতায়াতপথ চট্টগ্রাম কক্সবাজার আরাকান সড়ক। এ সড়কে যাওয়া-আসার পথে অনেকে সড়ক দুর্ঘটনার শিকার হন। সময়মতো সুচিকিৎসার অভাবে অনেকে অকালে মারা যান কিংবা পঙ্গু হয়ে যান। আহত লোকজনের চিকিৎসাসেবা দেওয়ার জন্য আরাকান সড়কের মধ্যবর্তী লোহাগাড়া উপজেলায় এ ট্রমা সেন্টারটি স্থাপন করা হয়। তিনতলাবিশিষ্ট এ সেন্টারে ২০টি শয্যা রয়েছে। এতে বিদ্যুৎসংযোগ ও পানির লাইন স্থাপনের কাজও শেষ হয়েছে।এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, ‘ট্রমা সেন্টারের ভবন নির্মাণ শেষ হলেও যন্ত্রপাতি ও জনবল না থাকায় তা চালু করা যাচ্ছে না।’ চট্টগ্রাম সিভিল সার্জন আবু তৈয়ব বলেন, জনবল ও যন্ত্রপাতির ব্যবস্থা করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।