ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৯ সালের ১ মে। গঠিত হয় তিন বছর মেয়াদি ১০১ সদস্যের কমিটি। এতে জামাল পাশা সভাপতি ও এসকান্দর আলম সাধারণ সম্পাদক মনোনীত হন। সেই কমিটি এখন পার করেছে ১৫ বছর। ফলে স্থবির হয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। হতাশা বিরাজ করছে কর্মী-সমর্থকদের মধ্যে।
দলীয় সূত্র জানায়, ১৯৯৯ সালের শেষ দিকে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। উপজেলার প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের অনুসারী একটি পক্ষ ও সাবেক ছাত্রনেতা রাশেদুল আনোয়ার ওরফে টিপুর পক্ষের পৃথক কার্যক্রম শুরু হয়। ১৯৯৯ সালের ১৮ সেপ্টেম্বর ফটিকছড়ি সদরে রফিকুল আনোয়ার ও টিপুর পক্ষের সমর্থকদের মধ্যে প্রকাশ্যে বন্দুকযুদ্ধ হয়।
পরে অভ্যন্তরীণ কোন্দলে টিপু আততায়ীর হাতে নিহত হন। এরপর টিপুর পক্ষ পাল্টা কমিটি গঠন করে। এতে মোহাম্মদ আলীকে সভাপতি ও বেলাল উদ্দিন শাহকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু কেন্দ্রের অনুমতি পায়নি। বহাল থাকে রফিকুল আনোয়ার পক্ষের কমিটি।
নেতা-কর্মীরা জানান, বর্তমানে উপজেলায় ছাত্রলীগের কর্মকাণ্ড নেই। শুধু দলের বড় কোনো অনুষ্ঠানে নিজেদের পদ-পদবির পরিচয় দিয়ে বক্তৃতা দিতে দেখা যায় কিছু নেতাকে।
ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের জে্যষ্ঠ সহসভাপতি গোলাম আহসান বলেন, উপজেলা কমিটির নিষ্ক্রিয়তায় দলের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এ কারণে মাঠপর্যায়ে সাধারণ কর্মীরাও হতাশ।
এ ব্যাপারে উপজেলা শাখার সভাপতি জামাল পাশা বলেন, ১৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মধ্যে অনেক ইউনিয়নের সম্মেলন এখনো বাকি আছে। এগুলো শেষে উপজেলার সম্মেলন প্রস্তুতি কমিটি করা হবে।
সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলী চৌধুরী বলেন, প্রায় ১৫ বছর ধরে সম্মেলন না হওয়ায় উদীয়মান অনেক ছাত্রনেতাই এখন নিষ্ক্রিয়। তাই দলকে চাঙা করতে সম্মেলনের বিকল্প নেই।
উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাইদ বলেন, কিছু নেতার অসহযোগিতার কারণে দীর্ঘদিন ধরে সম্মেলন হয়নি। বারবার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের চেষ্টা করেও পারিনি। ইতিমধ্যে উপজেলার সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করে ছাত্রলীগকে আরও বেশি গতিশীল করা হবে।