কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৩ সালের জুন মাসে। সম্মেলনে আদিল উদ্দিন চৌধুরী সভাপতি ও হামিদুল হক চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু তিন বছরের জন্য গঠিত ওই কমিটি এখন পার করেছে ১০ বছর। দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় হতাশ তৃণমূলের নেতা-কর্মীরা। অন্যদিকে, নতুন নেতৃত্ব তৈরি না হওয়ায় দলের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। এ ছাড়া স্থানীয় সাংসদ আবদুর রহমান ওরফে বদির সঙ্গে কোন্দলে জড়িয়ে দলের অনেক নেতা বেকায়দায় আছেন।
উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী বলেন, গত ১৭ মে দলের সম্মেলনের তারিখ নির্ধারিত ছিল। উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে তিনটির সম্মেলনও অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন নিয়ে দলের নেতা-কর্মীরা বিপুল উৎসাহ নিয়ে মাঠে নামেন। কিন্তু কাউন্সিলর তৈরি নিয়ে দলের এক নেতা আদালতে মামলা করায় সম্মেলন স্থগিত হয়ে যায়। সম্মেলন কখন হবে, তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।
দলের সহসভাপতি আবুল মনছুর চৌধুরী বলেন, দীর্ঘ সময় দলের সম্মেলন না হওয়ায় দলের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। গত ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উখিয়া সফর নিয়ে নেতা-কর্মীরা সক্রিয় হলেও পরে আবার ঝিমিয়ে পড়ে।
রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুল আলম বলেন, নির্বাচনের আগে নেতা-কর্মীদের চাঙা করতে সম্মেলনের বিকল্প নেই। কিন্তু উপজেলা কমিটির বর্তমান অবস্থা নিয়ে তৃণমূলের নেতা-কর্মীরা হতাশ। এখন উপজেলায় সাংগঠনিক কার্যক্রম নেই বললেই চলে।
দলীয় সূত্র জানায়, বিএনপিসহ ১৮ দলের ডাকা তিন দিনের হরতালে কক্সবাজার শহর, চকরিয়া ও পেকুয়া উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে নেমে হরতাল ও নৈরাজ্যবিরোধী বিক্ষোভ সমাবেশ করেন। কিন্তু উখিয়ায় দলের নেতা-কর্মীরা মাঠে ছিলেন না।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরী বলেন, ১৮ দলের হরতাল প্রতিরোধ অথবা মোকাবিলা করতে দলের নেতা-কর্মীদের মাঠে নামতে হবে—এমন কর্মসূচি কেন্দ্র থেকে দেওয়া হয়নি। তাই হরতালে আওয়ামী লীগ মাঠে ছিল না। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন নেতা বলেন, সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে আবদুর রহমান দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেননি। তিনি দলের ভেতরে কোন্দল সৃষ্টি করে হেফাজতে ইসলাম ও জামায়াত-বিএনপির কর্মী-সমর্থকদের নানাভাবে লালন-পালন করেন।
অবশ্য এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে আবদুর রহমান বলেন, ‘উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা আমার সঙ্গে আছেন। কিন্তু দলের কিছু নেতা আমার জনপ্রিয়তা সহ্য করতে না পেরে অপপ্রচার চালাচ্ছেন। এতে আমি ভীত নই।’