
ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয় ২০০৪ সালের সেপ্টেম্বরে। তিন বছর মেয়াদি ওই কমিটি এখন পার করছে ১০ বছর। নতুন কমিটি না হওয়ায় হতাশ তৃণমূলের নেতা-কর্মীরা।
দলের নেতা-কর্মীদের দাবি, বড় নেতাদের বিরোধে কারণে দলের কার্যক্রম জিমিয়ে পড়েছে। দলীয় কর্মসূচি পালন করা হয় দায়সারা গোছের। নেতা-কর্মীদের উপস্থিতি থাকে কম। নতুন সদস্য সংগ্রহের চেষ্টাও নেই নেতাদের। তা ছাড়া ইউনিয়ন কমিটির সম্মেলন হচ্ছে না অনেক দিন।
দলীয় সূত্র জানায়, ২০০৪ সালের ২৮ সেপ্টেম্বর দলের ত্রিবার্ষিক সম্মেলনে আফতাব উদ্দিন চৌধুরী সভাপতি এবং এস এম সোলাইমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি গঠন করা হয়। পরে অন্তর্ভুক্ত করা হয় আরও ১০ জনকে। এদিকে ২০০৫ সালের শেষের দিকে উপজেলা আওয়ামী লীগে বিভক্তি দেখা দেয়। সৃষ্টি হয় দুটি পক্ষ। এলাকার প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম দুই পক্ষের নেতৃত্বে দেন। ২০০৬ সালের পর থেকে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে একাধিকবার প্রকাশ্য পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এদিকে ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর রফিকুল আনোয়ার মারা গেলে ওই পক্ষের নেতৃত্ব দিচ্ছেন তাঁর ভাই ফখরুল আনোয়ার ও মেয়ে খাদিজাতুল আনোয়ার।
বিভক্তির ব্যাপারে জানতে চাইলে পেয়ারুল ইসলাম বলেন, ‘কারও সঙ্গে মতের অমিল থাকতে পারে। কিন্তু দলে বিভক্তি নেই।’
ফখরুল আনোয়ার বলেন, ‘দলে প্রতিযোগিতা ছিল, আছে। কিন্তু বিভক্তির কারণে দলের সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।’
অন্যদিকে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও চাঙা রাখতে দ্রুত কমিটি করে নতুন নেতৃত্ব তৈরির তাগিদ দিয়েছেন নেতা-কর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম আবু তৈয়ব বলেন, ‘দীর্ঘদিন ধরে এক কমিটি থাকায় নতুনেরা জায়গা পাচ্ছেন না। এ ছাড়া নতুন কমটি গঠন করা হলে দলের নেতা-কর্মীরাও রাজনীতিতে সক্রিয় হবেন। তাই দলকে চাঙা করতে নতুন কমিটির বিকল্প নেই।’
এ প্রসঙ্গে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, ‘উপজেলার কিছু নেতার বিরোধের কারণে এত দিন কমিটি গঠিত হয়নি। শিগগিরই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করে দলকে চাঙা করা হবে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান বলেন, দুটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নের মধ্যে কয়েকটির সম্মেলন এখনো বাকি। এগুলো শেষ হলে দলের কমিটি গঠন করা হবে।