তিন বিজয় মেলা আ.লীগেরই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আওয়ামী লীগের তিনটি পৃথক অংশ এবার আলাদাভাবে বিজয় মেলার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন অংশ বরাবরের মতো নগরের আউটার স্টেডিয়াম, তাঁর প্রতিপক্ষ বলে পরিচিত দলীয় সাংসদ নুরুল ইসলামের নেতৃত্বাধীন অংশ লালদীঘি মাঠে এবং দলের অপর সাংসদ এম আবদুল লতিফের নেতৃত্বাধীন অংশ পতেঙ্গার সমুদ্রসৈকতে বিজয় মেলার আয়োজন করছে। চট্টগ্রামে বিএনপি এবার কোনো বিজয় মেলার উদ্যোগ নিচ্ছে না বলে জানা গেছে।আওয়ামী লীগ দলীয় আয়োজকেরা পৃথকভাবে মেলা আয়োজনের পক্ষে যুক্তি তুলে ধরলেও এভাবে আলাদা বিজয় মেলার আয়োজন করা নগর আওয়ামী লীগের বিভক্তিকে স্পষ্ট করে তুলেছে বলে সংশ্লিষ্ট নেতা-কর্মীরা মনে করেন। প্রতিটি মেলার আয়োজকেরা বলছেন তাঁদের মেলাই প্রকৃত বিজয় মেলা। এর মধ্যে দুটি মেলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে প্রচারণা চালানো হচ্ছে।আলাদা মেলার আয়োজন প্রসঙ্গে সাংসদ এম আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘যত বেশি অনুষ্ঠান হবে ততই ভালো। মুক্তিযুদ্ধ সম্পর্কে সবাই জানতে পারবে।’ তিনি বলেন, ‘আমাদের বিজয় মেলা হবে শুধুই বিজয় দিবসকে উদ্যাপন করা, নির্মল আনন্দ উপভোগ করা- এতে কোনো আলোচনা বক্তৃতা থাকবে না। এ নিয়ে কারও সঙ্গে কোনো বিরোধের প্রশ্নই ওঠে না।’ আগামী ১৬ বা ১৭ ডিসেম্বর পতেঙ্গার সমুদ্রসৈকতে এই মেলা অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন। অন্য মেলার আয়োজক সূত্রে জানা যায়, এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ নগরের আউটার স্টেডিয়ামে ১০-২৫ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের বিজয়মেলা অনুষ্ঠানের কর্মসূচি হাতে নিয়েছে। এতে থাকবে আলোচনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। এ ছাড়া মেলাকে ঘিরে বিভিন্ন পণ্যসামগ্রীর বিকিকিনি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর মেলা উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধাবিষয়কমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম। অপরদিকে সাংসদ নুরুল ইসলামের নেতৃত্বাধীন সম্মিলিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ ১০-৩০ ডিসেম্বর ২১ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে নগরের লালদীঘি মাঠে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্র্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম মেলা উদ্বোধন করবেন বলে প্রচারণা চালানো হচ্ছে। সাংসদ নুরুল ইসলাম পরিষদের আহ্বায়ক ও মোহাম্মদ ইদ্রিস মহাসচিবের দায়িত্বে রয়েছেন। গত সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সম্মিলিত পরিষদ নেতৃবৃন্দ লালদীঘি মাঠে মেলা অনুষ্ঠানের ঘোষণা দেন। সাংসদ নুরুল ইসলামের নেতৃত্বাধীন নগর আওয়ামী লীগ এর আগে কখনো নগরে বিজয় মেলা করেনি বলে জানা যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ৫০টি স্টল থাকবে। মেলায় প্রতিদিনই থাকবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, স্বাধীনবাংলা বেতারের গান, গণসংগীত, নাটক, কবিগান। এ ছাড়া লোকপণ্য মেলার আয়োজন করা হয়েছে। ১৬ ডিসেম্বর নগরে বিজয় শোভাযাত্রা বের করা হবে। ১৭ ডিসেম্বর ৩০০ মুক্তিযোদ্ধার সন্তানকে সংবর্ধনা দেওয়া হবে। আলাদা মেলার আয়োজন প্রসঙ্গে মোহাম্মদ ইদ্রিস প্রথম আলোকে বলেন, ‘আমরাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে বিজয় মেলা করছি। কারও সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।’ এ মেলায় ন্যাপ ও কমিউনিস্ট পার্টিও তাঁদের সঙ্গে আছে বলে তিনি জানান।সাবেক মেয়র মহিউদ্দিনের সমর্থনপুষ্ট মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বদিউল আলম আলাদাভাবে মেলার আয়োজন প্রসঙ্গে বলেন, ‘শুধু জামায়াত ছাড়া সব রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা আমাদের সঙ্গে আছে। সবাই সেভাবে সাড়াও দিয়েছেন। কমিউনিস্ট পার্টির শাহ আলমকে আমাদের মেলা কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে।’ তিনি আরও জানান, ‘আমাদের এটি হচ্ছে কেন্দ্রীয় মেলা। এখানে জাতীয় নেতৃবৃন্দসহ দেশের খ্যাতিমান শিল্পী-সাহিত্যিক, রাজনীতিবিদ অংশ নেবেন। জানা যায়, ১৯৮৯ সাল থেকে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে সর্বজনীন বিজয় মেলার আয়োজন হচ্ছে। শুরু থেকেই এই মেলা বসছে নগরের আউটার স্টেডিয়াম ও সংলগ্ন এলাকাজুড়ে। বিগত দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তাঁরা ভিন্ন নামে একই স্থানে মেলার আয়োজন করতেন। সম্মিলিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ এবারই প্রথম মেলা আয়োজন করছে। সাংসদ লতিফ কয়েক বছর ধরে তাঁর নির্বাচনী এলাকায় পৃথক বিজয় অনুষ্ঠানের আয়োজন করছেন।