শিক্ষার্থী ভর্তির সময় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে নগরের তিনটি বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ৬ জানুয়ারি এই নোটিশ দেওয়া হয়। জবাব দেওয়ার সময় দেওয়া হয়েছে সাত কর্মদিবস। সেই হিসাবে জবাব দেওয়ার শেষ দিন আজ রোববার।
জেলা প্রশাসন সূত্র জানায়, বেপজা স্কুল অ্যান্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ও ওয়াই ডব্লিউ সি এ প্রাথমিক বিদ্যালয় ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় করছে বলে অভিভাবকেরা অভিযোগ করেছেন। এর ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা) তামিম আল ইয়ামীন প্রথম আলোকে বলেন, বিদ্যালয়গুলোর বিরুদ্ধে ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ এসেছে। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিদ্যালয়গুলো নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে জেলা প্রশাসনের নোটিশে উল্লেখ করা হয়েছে।
অভিভাবকদের অভিযোগ, ওয়াই ডব্লিউ সি এ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ফি বাবদ ৫ হাজার ২০০ টাকা আদায় করা হয়েছে। বেপজা স্কুল অ্যান্ড কলেজে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে গত বছর আদায় করা হয়েছিল চার হাজার টাকা। কিন্তু এবার ভর্তি ও অন্যান্য ফি বাবদ ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে ভর্তির জন্য নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত ১৩ হাজার থেকে ১৭ হাজার ২০০ টাকা আদায় করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত নীতিমালার ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ফরমের মূল্য দুই শ টাকা এবং ভর্তি ফি বাবদ তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ২০১৬ সালে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত ফি কেন নেওয়া হচ্ছে, তার ব্যাখ্যা দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে। না হলে এসব প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলের জন্য যথাযথ কর্তৃপক্ষের বরাবর পত্র দেওয়া হবে।
এ দিকে নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ জে এম শহীদুল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের নোটিশের জবাব দিয়েছি। বাড়তি ফি আদায় না করার বিষয়টি সেখানে বলা হয়েছে।’