কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে তিন মাস ধরে চিকিৎসক নেই। ফলে চিকিৎসাসেবা পাচ্ছেন না স্থানীয় লোকজন।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলছে। আশপাশে কোনো বেসরকারি ক্লিনিকও নেই। চিকিৎসাসেবায় এখানকার একমাত্র ভরসা ওষুধের দোকানি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একজন করে চিকিৎসক, উপসহকারী চিকিৎসক, ফার্মাসিস্ট, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, নিরাপত্তা প্রহরী ও আয়া থাকার কথা। তার মধ্যে দীর্ঘদিন ধরে উপসহকারী চিকিৎসক (চাকমো), ফার্মাসিস্ট, নিরাপত্তা প্রহরী ও আয়ার পদ খালি। কর্মরত ছিলেন চিকিৎসক মো. মহিউদ্দিন মাজেদ ও পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কাজলী সরকার। কিন্তু গত মার্চ মাস থেকে মোহাম্মদ মহিউদ্দিন মাজেদ দুই বছরের প্রশিক্ষণে চলে গেছেন। কাজলী সরকার স্বাস্থ্যকেন্দ্রে আসেন সপ্তাহে তিন দিন।
কাজলী সরকার বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত আছি আমি একজন। তিন দিন স্বাস্থ্যকেন্দ্রে ও বাকি চার দিন স্যাটেলাইট ক্লিনিকে আমাকে চিকিৎসাসেবা দিতে হয়।’
সুতরিয়া এলাকার বাসিন্দা শিক্ষক ফরিদুল আলম বলেন, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় এই এলাকার লোকজন চিকিৎসাসেবা নেওয়ার জন্য খুব একটা এলাকার বাইরে যান না। ফলে প্রায় ৩০ হাজার মানুষের চিকিৎসাসেবার একমাত্র অবলম্বন স্বাস্থ্যকেন্দ্রটি। কিন্তু চিকিৎসকসহ অন্যান্য লোকবল না থাকায় স্বাস্থ্যকেন্দ্রটিতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। তিনি স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
ধলঘাটার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেও কোনো কাজ হচ্ছে না।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুচিন্ত চৌধুরী মুঠোফোনে বলেন, ওই স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক দুই বছরের প্রশিক্ষণের জন্য তিন মাস আগে ঢাকায় গেছেন। তাই স্বাস্থ্যকেন্দ্রে নতুন করে একজন চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।