রামুর জারাইলতলী উচ্চবিদ্যালয়ের ১৫ শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা তিন মাস ধরে বন্ধ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসাইনুল ইসলামকে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করার পর এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে বিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফরিদুল আলম জানান, প্রধান শিক্ষক মো. হোসাইনুল ইসলাম ১৯৯৩ সালের ১ জানুয়ারি বিদ্যালয়ে যোগদানের পর ২০০৫ সাল পর্যন্ত বেশ কয়েকবার আর্থিক অনিয়ম ধরা পড়ে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব দাখিল না করায় সম্প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৫ সালের জানুয়ারি থেকে জুলাই ২০১০ পর্যন্ত হিসাব নিরীক্ষার উদ্যোগ নেয়। কিন্তু প্রধান শিক্ষকের অসহযোগিতার কারণে শুধু ২০০৯ সালের নিরীক্ষাকাজ সম্পন্ন করা হয়। ওই বছরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুলাখ ১৮ হাজার ১০০ টাকার অনিয়ম ধরা পড়ে। অর্থ আত্মসাতের অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটি গত বছরের ২৭ ডিসেম্বর তাঁকে সাময়িক বরখাস্ত করে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়। সাময়িক বহিষ্কৃত প্রধান শিক্ষক মো. হোসাইনুল ইসলাম টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, এটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র। পরিকল্পিতভাবে একটি ভুয়া প্রতিবেদন দাখিল করা হয়েছে। তিনি দাবি করেন, ওই প্রতিবেদনের বিরুদ্ধে তাঁর কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে। বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি ও নিরীক্ষা কমিটির প্রধান আবদুল হাই ও মোস্তাফা কামাল জানান, বেতন তোলার আগে শিক্ষক-কর্মচারীর উপস্থিতির প্রতিবেদনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অনুমোদন লাগে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভুলবশত গত বছরের ডিসেম্বরের ওই প্রতিবেদন বরখাস্ত হওয়া প্রধান শিক্ষকের সই নিয়ে পাঠানোর কারণে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রতিবেদনে সই করেননি। ইতিমধ্যে দুবার লিখিত আবেদন করলেও তিনি ওই প্রতিবেদনে সই করেননি। ফলে ২০১০ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাস বেতন-ভাতা বন্ধ রয়েছে। তাঁরা অভিযোগ করেন, কোনো যৌক্তিক কারণ ছাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষক-কর্মচারীরা বেতন পাচ্ছেন না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, ওই প্রতিবেদন নিয়ে দুপক্ষের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা ওই প্রতিবেদনে সই করতে নিষেধ করেন। প্রধান শিক্ষককে বহিষ্কার করতে যথাযথ নিয়ম মানা হয়নি বলেও তিনি জানান।