বাটালি পাহাড়ের প্রতিরোধ দেয়ালসহ ভূমিধসের তিন মাস পর এখনো সিটি করপোরেশনের তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। অথচ ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দাখিলের কথা ছিল। গত এক জুলাইয়ের ওই দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানি ঘটে। এর পর আগস্ট মাসে খুলশীর বিশ্বকলোনি এলাকায় অপর একটি পাহাড়ধসের ঘটনায় দুজন নিহত হন। বাটালি পাহাড়ের দুর্ঘটনার পর তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে সিটি মেয়র ওই প্রকল্পের পরিচালকসহ করপোরেশনের চার প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছিলেন। পরে উচ্চ আদালতের স্থগিতাদেশ এনে তাঁরা পুনরায় চাকরিতে বহাল হন।জানা গেছে, চট্টগ্রামে অতীতের পাহাড়ধসের ঘটনার পর প্রতিবারই তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিবারই কমিটির প্রতিবেদন দিতে ধীরগতির পাশাপাশি সুপারিশ বাস্তবায়নেও গড়িমসি করা হয় বলে অভিযোগ রয়েছে। একই ধারাবাহিকতায় বাটালি পাহাড়ের ঘটনার পরও সিটি করপোরেশনের তদন্ত কমিটি তিন মাস পার করেছে। সর্বশেষ তারা প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে সিটি করপোরেশন গঠিত তদন্ত কমিটির প্রধান ওয়ার্ড কাউন্সিলর এস এম ইকবাল হোসেন বলেন, ‘আমাদের ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু দেয়ালধসের বিষয়, তাই আমরা বিশেষজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি করেছি। ওই কমিটির প্রতিবেদনের পর আমরা মূল প্রতিবেদন দেব। আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগবে।’ ওই প্রকৌশলগত কমিটির প্রধান হচ্ছেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোজাম্মেল হক। জানা গেছে, পাহাড়ধসের পর তাৎক্ষণিকভাবে সিটি মেয়র দায়িত্বে অবহেলার অভিযোগে চার প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছিলেন। এ প্রসঙ্গে মেয়রের একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলাম বলেন, ‘বরখাস্ত হওয়ার পর তাঁরা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ এনে এখন চাকরি করছেন। এখানে করপোরেশনের কিছুই করার নেই।’এদিকে বাটালি পাহাড়ের দুর্ঘটনার পর জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি নির্ধারিত এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করেছিল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানে এলাহীকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। তাঁদের প্রতিবেদনে কারিগরি কমিটি গঠনসহ নয় দফা সুপারিশ ছিল। এই প্রতিবেদনে ২০০৭ সালে পাহাড়ধসের পর গঠিত শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন বাস্তবায়নের ওপরও জোর দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, ‘শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি কর্তৃক চিহ্নিত ১২টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নেরও সুপারিশ করা হচ্ছে।’ এ প্রসঙ্গে শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি রাজস্ব) মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমাদের কমিটি প্রতিবেদন তখনই জমা দিয়েছিল। সিটি করপোরেশনের প্রতিবেদনটি এখনো হাতে আসেনি। প্রতিবেদনে পুরোনো সুপারিশগুলোই ঘুরে-ফিরে আসছে। যার মধ্যে কিছু কিছু আমরা বাস্তবায়ন করেছি। তবে চিহ্নিত পাহাড়গুলো থেকে এখনো আমরা লোকজনকে পুরোপুরি উচ্ছেদ করতে পারিনি। এ বিষয়ে মন্ত্রণালয়ে আমরা সুনির্দিষ্ট একটি প্রস্তাব পাঠিয়েছি।’প্রসঙ্গত, ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাহাড়ধসে ১২৭ জন নিহত হয়েছিলেন। এই ঘটনার পর গঠিত তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এর পর তখনকার তদন্ত কমিটি ৩০ দফা সুপারিশসহ ১২টি ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার পাশাপাশি তাঁদের পুনর্বাসনসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছিল।