খাগড়াছড়ির দীঘিনালায় আদিবাসী নারী চিগোন মিলা চাকমা (৪৮) হত্যা মামলার ময়নাতদন্তের প্রতিবেদন তিন মাসেও দেওয়া হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়ায় মামলার তদন্তকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, গত বছরের ১৪ ডিসেম্বর দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছেলেকে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার পথে কবাখালী বাজারে বাঙালিদের অতর্কিত হামলায় চিগোন মিলা চাকমা (৪৮) মারা যান। ঘটনার তিন দিন পর ১৮ ডিসেম্বর নিহতের স্বামী কবাখালী কাঙারীমাছড়া গ্রামের জিতেন্দ্র চাকমা দীঘিনালা থানায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক বাঙালিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। কিন্তু তিন মাসেও ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়ায় মামলার তদন্ত কার্যক্রম শেষ করা যাচ্ছে না।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, ‘মামলার তদন্ত কার্যক্রমে অনেক অগ্রসর হয়েছি। তবে নিহত ব্যক্তির ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়ায় তদন্তের কাজ শেষ করতে পারছি না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই তদন্ত শেষ হবে।’দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়ায় মামলার তদন্ত ব্যাহত হচ্ছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে কয়েকবার যোগাযোগ করা হয়েছে; কিন্তু এখনো ময়নাতদন্ত প্রতিবেদন পায়নি পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পুলিশ দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দিতে পারত। এ প্রসঙ্গে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন হাসান ইমাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ময়নাতদন্তের বিষয়টি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দেখেন। খাগড়াছড়ি আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সঞ্জীব ত্রিপুরা এ প্রসঙ্গে বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন এত দিন দেরি হওয়ার কথা নয়। বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখছি।’