তিন মাসের কমিটি ৭২ মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের নভেম্বরে ছাত্রলীগ বোয়ালখালী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল। ওই কমিটিতে সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং মামুনুর রশীদ, মোছলেম উদ্দিন ও নুরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়। কমিটির দায়িত্ব ছিল তিন মাসের মধ্যে ইউনিয়ন সম্মেলন শেষ করে উপজেলা ছাত্রলীগের কমিটি করা। তিন মাসের সেই কমিটি দায়িত্ব পালন করছে ৭২ মাস ধরে। এখনো সম্মেলন হয়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন এক মাসের মধ্যে সম্মেলন হবে। ওই কমিটির চারজনের মধ্যে সমন্বয়হীনতার কারণে সম্মেলন করা যায়নি আর এ কারণে ছাত্রলীগের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ। তাঁদের কারও ছাত্রত্ব নেই। একসময় কমিটির যুগ্ম আহ্বায়ক মামুনকে অব্যাহতি দিয়ে নুরুল আমিনকে দায়িত্ব দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, আহ্বায়ক সাইফুল ঠিকাদার। যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ ও নুরুল ইসলাম বিয়ে করেছেন অনেক আগেই। মোছলেম উদ্দিনও ব্যবসায়ী। সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ সংগঠনের নাজুক অবস্থার কথা স্বীকার করে বলেন, জেলা ছাত্রলীগের অসহযোগিতা ও নিজেদের সমন্বয়হীনতার অভাবে ছয় বছর ধরে কমিটি করা যায়নি। প্রকৃত ছাত্ররা হাল ধরলে দলের এই অবস্থা হতো না। তিনি স্বীকার করেন, ব্যবসা, চাকরি ও সংসার নিয়ে ব্যস্ত থাকায় দলের কার্যক্রমে কেউ সময় দিতে পারছেন না ।নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৮ সালের ১০ সেপ্টেম্বর। কমিটির সভাপতি ছিলেন আবুল মোকাররম, সাধারণ সম্পাদক কাজি ইকরাম। ওই কমিটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ সমর্থিত বলে পরিচিত ছিল। জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল কালামের অনুসারীরা ওই কমিটি মেনে নেননি। তাঁরা পাল্টা কমিটি ঘোষণা করেন। বিদ্রোহী কমিটির সভাপতি ছিলেন রিদুয়ানুল হক ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ। ছয় বছর ধরে দুই কমিটি দুই ধারায় কার্যক্রম চালিয়ে আসছে। সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক কাজি ইকরাম বলেন, ছাত্রলীগকে গতিশীল করতে আখতারুজ্জামান চৌধুরীর বাসায় দুই পক্ষকে নিয়ে সমঝোতার মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির দায়িত্ব ছিল তিন মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করার। জানা গেছে, ১১ সাংগঠনিক ইউনিয়ন ও কলেজ কমিটিগুলোর অবস্থাও নাজুক। চারটি কলেজের মধ্যে তিনটিতে কমিটি নেই। সরকারি কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজ কমিটি গঠিত হয় গত বছরের নভেম্বরে।ওই কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম কাজেম বলেন, ‘প্রকৃত ছাত্রদের হাতে ছাত্রলীগের নেতৃত্ব তুলে দিতে হবে। অছাত্রদের নিয়ে কমিটি করায় দলে গতি আসছে না। দীর্ঘদিন পদ আঁকড়ে থাকায় নতুন নেতৃত্বও সৃষ্টি হচ্ছে না।’পূর্ব গোমদণ্ডী ইউনিয়নের সাবেক সভাপতি মো. নাছের বলেন, আগের কমিটিগুলো অছাত্র-বিবাহিতদের নিয়ে গঠন করা হয়েছে।শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেকান্দর আলম বলেন, একটি কমিটি করতে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। দ্বন্দ্বের কারণে কমিটিতে অছাত্ররা ঢুকে পড়েন। যথাসময়ে সম্মেলন না হওয়ায় প্রকৃত ছাত্ররা নেতৃত্বে আসতে পারছেন না। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, এক-এগারোর পর দুই বছর দলের কার্যক্রম বন্ধ ছিল। তাই যথাসময়ে সম্মেলন করা যায়নি। চলতি মাসের মধ্যে সম্মেলন করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। তিনি বলেন, ১০-১২ বছরের পুরোনো কমিটিগুলো নতুনভাবে সাজানো হয়েছে। প্রত্যেক ইউনিয়নে মেধাবী ছাত্রদের নিয়ে নতুন কমিটি করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, এবার ছাত্রদের সনদ দেখে কমিটি করা হবে।