১৯৭৪ সালে অরিন্দম নাট্য সম্প্রদায়ের জন্ম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সংগঠনটি ১৬ সেপ্টেম্বর পা দিয়েছে ৩৬-এ। স্বাধীনতা পরবর্তী সময়ে ঢাকার বাইরের যেসব দল নাট্যচর্চা বেগবান করেছে তার মধ্যে অরিন্দম অন্যতম। ৩৬ বছরপূর্তি উপলক্ষে ২৩ সেপ্টেম্বর নগরের জেলা শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে ‘সংগ্রাম ও সম্ভাবনার তিন যুগ:অরিন্দম উৎসব’ শিরোনামে তিন দিনের আয়োজন। ৩৬ বছরের ছবি প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উদ্বোধক ছিলেন নাট্যব্যক্তিত্ব ম হামিদ। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সুচরিত দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমল সেনগুপ্ত। ম হামিদ বলেন, ‘নাট্যকর্মীরা অনেকটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর কাজ করেন। তাঁদের পরিশ্রমের ফলেই এ শিল্প টিকে আছে। নাটকের দর্শকেরা অনেক বেশি মুক্তচিন্তার অধিকারী। নাটকের পৃষ্ঠপোষকতায় বিত্তশালীদের এগিয়ে আসা উচিত।’ অতিথিদের বক্তব্যের পর বাঁশির সুরে দর্শকদের মুগ্ধ করেন অরিন্দমের সদস্য মো. শাহানুর আজম ওরফে চপল ও বাপ্পীরাজ। এরপর মোস্তফা কামাল দরদি কণ্ঠে শোনালেন পুরোনো দিনের বাংলা গান। সবশেষে মঞ্চস্থ হয় সেলিম আল দীনের রচনা ও মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশনায় শিল্পকলা একাডেমী ঢাকার প্রযোজনা পুত্র। নিম্নবিত্ত পরিবারে অভাব অনটন বারোমাস, আর তা সইতে না পেরে গলায় দড়ি দেন পরিবারের একমাত্র ছেলে। তাঁর মৃত্যুর পর মা বাবার মধ্যে চলতে থাকা মানসিক দ্বন্দ্ব নিয়েই এগিয়ে যায় নাটকের কাহিনি। ২৪ সেপ্টেম্বর বৃষ্টির কারণে সকালের সেমিনার শুরু হয় একটু দেরিতে। বিষয় ছিল ‘চট্টগ্রামের মঞ্চনাটক: সমস্যা ও সম্ভাবনা’। এতে মুখ্য আলোচক ছিলেন সাইফুল আলম। আলোচনায় অংশ নেন সনজীব বড়ুয়া, আহমেদ ইকবাল হায়দার ও কুন্তল বড়ুয়া। সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত। সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার প্রাচ্যনাট মঞ্চস্থ করে কন্যা। নাটকটি রচনা করেন মুরাদ খান ও পরিচালনায় ছিলেন আজাদ আবুল কালাম। উৎসবের সমাপনী দিন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। বিশেষ অতিথি ছিলেন স্বপন দত্ত। সভাপতিত্ব করেন আহমেদ নেওয়াজ। ওই দিন অরিন্দম নাট্যসম্প্রদায় পরিবেশন করেন মান্নান হীরার রচনা ও আকবর রেজার পরিচালনায় নাটক জলকন্যা। উপকূলীয় এলাকার জেলে সম্প্রদায়ের জীবনধারা, দাদনের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষের করুণ চিত্র উঠে এসেছে এ নাটকে। অরিন্দম নাট্য সম্প্রদায়ের সভাপতি আকবর রেজা বলেন, ‘৩৬ বছরে কখনো পিছিয়ে পড়েছি, কখনো হতাশ হয়ে আবার এগিয়ে গেছি। অনেকটা জোয়ার-ভাটার মতোই ছিল অরিন্দমের জীবন। এখন অনেক বেশি প্রাণ নিয়ে আমরা কাজ করছি।’