সড়ক দুর্ঘটনা রোধকল্পে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম থেকে সাইকেলভ্রমণ শুরু করেছে তিন যুবক। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনকে মানুষের প্রাণের দাবিতে পরিণত করার লক্ষ্যে ‘নিরাপদ সড়ক চাই’ চট্টগ্রাম নগর কমিটি এ সাইকেলভ্রমণের আয়োজন করেছে। সাইকেলভ্রমণ করছেন খন্দকার আহমদ আলী, ব্যাংকার মো. আবদুল বাতেন ও ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের বিবিএর দ্বিতীয় বর্ষের ছাত্র মো. রেজাউল করিম সড়ক দুর্ঘটনা রোধে ‘পথ যেন হয় শান্তির, মৃত্যু নয়’ এ ধরনের ৩৩টি স্লোগান নিয়ে সাইকেল যাত্রার প্রাক্কালে সবার সহযোগিতা কামনা করেন। ১২ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে এ সাইকেল যাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম। বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, সংগঠনের নগর কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি চৌধুরী ফরিদ, নিরাপদ সড়ক চাই নগর কমিটির শফিক আহমেদ, সৌমেন ধর, চৌধুরী আহছান খুররম, আশরাফুজ্জামান আশরাফ, মো. ফরিদ উদ্দিন প্রমুখ। শফিক আহমদ জানান, ভ্রমণকারীরা ১৭ আগস্ট ঢাকা পৌঁছেছেন। ১৮ আগস্ট তাঁরা দেশের অন্য জেলাগুলোতে ভ্রমণের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এ ভ্রমণ দেশব্যাপী চলবে বলে তিনি জানান। বিজ্ঞপ্তি।