রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের তিন নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। পৌরসভার ঘাটচেক রাস্তার মাথা এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।মানববন্ধন চলাকালে সমাবেশে নেতা-কর্মীরা বলেন, গত ২৮ মে আট থেকে ১০ জন বখাটে যুবক লাঠি, লোহার রড, হকিস্টিক নিয়ে ঘাটচেক রাস্তার মাথা এলাকায় উপজেলা যুবলীগের সদস্য মো. আজিজ ও জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালায়। তাঁরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া গত ১৫ মে মোটরসাইকেলে দক্ষিণ রাজানগর ইউনিয়নে যাওয়ার পথে রাজারহাট বাজার এলাকায় যুবলীগ নেতা মো. জসিম উদ্দিনের ওপর হামলা চালানো হয়। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় পৃথক দুটি মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন, ঘাটচেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, পৌরসভা বিএনপির আহ্বায়ক এমদাদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়া প্রমুখ।