১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল গ্রামের লবণচাষি আবুল কালাম (৫৭) হারিয়েছিলেন চার ছেলে-মেয়েসহ পরিবারের আট সদস্যকে। ওই সময় সাগরে বিলীন হয় তাঁর বসতবাড়ি। মারা যায় ১২টি গরু-মহিষ। এরপর তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে আশ্রয় নেন কক্সবাজার শহরের সমুদ্রচরের কুতুবদিয়াপাড়ায়। এই পাড়ায় খাসজমিতে তৈরি করা ঝুপড়িঘরে কেটেছে তাঁদের আরও ২০ বছর। কিন্তু মাথা গোঁজার স্থায়ী ঠিকানা এখনো হয়নি। একইভাবে এই কুতুবদিয়াপাড়ায় বসবাস করছেন জলবায়ু উদ্বাস্তু আরও প্রায় ৭০ হাজার মানুষ। ২৯ এপ্রিল এলে তাঁদের ঘরে ঘরে কান্না আর বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে উপকূল। কুতুবদিয়ার বাসিন্দা গিয়াস কামাল (৪৫) বলেন, ‘২০ বছর ধরে আমরা এখানে বসবাস করছি। কোথাও স্থায়ী ঘর তৈরির জন্য এক খণ্ড জমি পাচ্ছি না। অথচ মিয়ানমারের পাঁচ লাখ রোহিঙ্গা সংরক্ষিত পাহাড়-জঙ্গল দখল করে সপরিবারে বসবাস করছে। আর স্থানীয় হয়েও আমাদের জীবন কাটছে পথে পথে।’ দেখা গেছে, কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, ফদনারডেইল, নাজিরারটেক, নুনিয়াছটাসহ আশপাশের ১২টি গ্রামে প্রায় ৭০ হাজার ভাসমান মানুষ ঝুপড়িঘরে বসবাস করছেন। চকরিয়া, ডুলাহাজরা, ঈদগাঁও, রামু, উখিয়া ও টেকনাফে বসবাস করছেন আরও অন্তত তিন লাখ জলবায়ু উদ্বাস্তু। কুতুবদিয়াপাড়া বিত্তহীন সমবায় সমিতির সভাপতি ও পৌরসভার কাউন্সিলর আকতার কামাল জানান, ’৯১ সালের ঘূর্ণিঝড়ে বসতবাড়ি হারানো এসব মানুষের কোথাও ঠাঁই হচ্ছে না। এখন এই জায়গা থেকেও তাদের উচ্ছেদের চক্রান্ত চলছে। ঝুঁকিতে আরও ১৫ লাখ: গত ২১ বছরেও ২৯ এপ্রিলের মতো শক্তিশালী জলোচ্ছ্বাস ঠেকানোর মতো টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। উপকূল রক্ষার জন্য সৃষ্ট প্যারাবনগুলোও ধ্বংস করে অসংখ্য চিংড়িঘের তৈরি করা হয়েছে। ফলে আরেকটা শক্তিশালী ঘূর্ণিঝড় হলে আরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন অনেকে। মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, ষাটের দশকে নির্মিত বাঁধ দিয়ে চলছে উপজেলার তিন লাখ মানুষের জীবন রক্ষার কাজ। উপজেলার ধলঘাটা, মাতারবাড়ি, হোয়ানক, শাপলাপুর এলাকার ১০ কিলোমিটার বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ। বাঁধের উচ্চতা কম হওয়ায় এখনো ঝড়-জলোচ্ছ্বাসের সময় জোয়ারের পানি বাঁধ উপচে লোকালয়ে ঢুকে শত শত ঘরবাড়ি প্লাবিত হয়। একইভাবে উপকূলীয় বিভিন্ন এলাকায় ঝুঁকিতে রয়েছে আরও ১০ থেকে ১২ লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, জেলায় বর্তমানে বেড়িবাঁধ রয়েছে ৫৯৫ কিলোমিটার। এর মধ্যে বিলীন অবস্থায় রয়েছে প্রায় ১৭ কিলোমিটার। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আরও ৮০ কিলোমিটার। বাঁধগুলো ১৯৬৩ সালের আগে তৈরি করা। বাঁধের উচ্চতা সর্বোচ্চ ৬ দশমিক ৫ ফুট। নানা প্রাকৃতিক দুর্যোগে জলোচ্ছ্বাস বা জোয়ারের পানির উচ্চতা ছয়-সাত ফুট হলে এই বাঁধ উপচে পানি ঢোকে লোকালয়ে। এ সময় বাঁধের ব্যাপক ভাঙন দেখা দেয়। জানতে চাইলে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মঈনুদ্দিন জানান, বাঁধের উচ্চতা বৃদ্ধি ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে।মরণফাঁদ ২০০ আশ্রয়কেন্দ্র: জানা যায়, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর কক্সবাজার উপকূলে স্থাপিত ৫৩৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের মধ্যে বর্তমানে প্রায় ২০০ কেন্দ্র ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ৫০টি কেন্দ্র চলে গেছে অবৈধ দখলে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা জলোচ্ছ্বাস হলে এসব কেন্দ্র জনগণের কোনো কাজে আসবে না। জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্রগুলোর অবস্থা নাজুক হয়ে পড়েছে। বর্তমানে নতুন করে ২৭৭টি কেন্দ্র নির্মাণের চেষ্টা চলছে।কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী উপকূলে বনায়নের পাশাপাশি প্রয়োজনীয় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ আশ্রয়কেন্দ্রগুলো দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছেন।