তিন শ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র দুজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩০০। পাঠদানে শিক্ষক রয়েছেন মাত্র দুজন। তাও একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে। ফলে ভরসা খণ্ডকালীন শিক্ষক। এই চিত্র কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট সুতরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এতে দুই পালায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠাদান করানো হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সাতজন শিক্ষক থাকার কথা। এর মধ্যে ২০১১ সালের জানুয়ারিতে প্রধান শিক্ষক দৌলত খাইর অবসর নেওয়ার পর পদটি শূন্য রয়েছে। বাকি ছয় সহকারী শিক্ষকের মধ্যে চারজন নেই।
১৯ আগস্ট বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পঞ্চম শ্রেণিতে পাঠ দিচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম। চতুর্থ শ্রেণিতে সহকারী শিক্ষিকা শিরিন আকতার ও তৃতীয় শ্রেণিতে খণ্ডকালীন শিক্ষক সুফাইরা বেগম পাঠদান করাচ্ছেন।
আশরাফুল আলম বলেন, সাতজনের মধ্যে আছেন মাত্র দুজন শিক্ষক। শিক্ষক-সংকট মোকাবিলার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটি চলতি বছরের জানুয়ারিতে তিনজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেয়। তিনি আরও বলেন, এখানে শিক্ষক নিয়োগ দিলে তাঁরা বেশিদিন থাকেন না। তদবির করে অন্যত্র বদলি হয়ে যান। এ কারণে পাঁচ বছর ধরে শিক্ষক-সংকট লেগেই আছে।
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান বলেন, দুজন শিক্ষক দিয়ে একটি প্রতিষ্ঠান চালানো কোনোভাবেই সম্ভব না। তাই সামনে শিক্ষক নিয়োগ দেওয়া হলে এই বিদ্যালয় অগ্রাধিকার পাবে।