তিন শতাধিক সাঁকোই ভরসা
স্বাধীনতার দীর্ঘ ৪০ বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় সাগর উপকূলীয় উপজেলা বাঁশখালীর সাত লক্ষাধিক মানুষকে চলাচলের জন্য তিন শতাধিক বাঁশের সাঁকোর ওপর নির্ভর করতে হয়। জানা গেছে, গত ৪০ বছরে বাঁশখালীতে প্রয়োজনীয় রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মিত হয়নি। উপকূলবাসীর সঙ্গে সম্পর্কিত সাগরের বেড়িবাঁধও স্থায়ী হয়নি। বাঁশখালীর মানুষ এখনো চলাচল করছে বাঁশের সাঁকো দিয়ে। উপজেলার ছনুয়া, চাম্বল, পুইছড়ি, বৈলছড়ি, নাপোড়া, শেখেরখীল, সরল, বাহারছড়া, জলদী, কাথরিয়া, বড়ঘোনা, গণ্ডামারা, কালীপুর, খানখানাবাদ, সাধনপুর ও পুকুরিয়ায় মানুষের চলাচলের মাধ্যম হচ্ছে তিন শতাধিক সাঁকো।মনকিচর এমদাদুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু বকর জানান, মনকিচর মাদ্রাসাসংলগ্ন খালের ওপর একটি ব্রিজ নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছে। স্থানীয় এমপি ও সাবেক বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বহুবার এখানে ব্রিজ নির্মাণের ওয়াদা দিয়েছেন। কিন্তু চারবার এমপি হয়েও তিনি এখানে একটি ব্রিজ নির্মাণ করতে পারেননি। শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার জানান, বর্তমানে এলাকাবাসী বাঁশের সাঁকো তৈরি করে নদী পারাপার হচ্ছে। একটি মাদ্রাসা ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার জনগণ জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর এই সাঁকো ব্যবহার করে আসছে। গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আরিফুল্লাহ জানান, পশ্চিম বড়ঘোনা গ্রামের আলকদিয়া সীমা সড়কে ভাটাখালী খালের ওপর একটি কালভার্টের অভাবে হাজার হাজার মানুষ ও পর্যটককে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্বাচনের আগে নেতা-নেত্রীরা কালভার্টটি নির্মাণ করে দেওয়ার কথা বলে ভোট নিলেও কেউ কথা রাখেননি। একইভাবে পশ্চিম বড়ঘোনা চৌকি সিকদার বাড়ি জামে মসজিদসংলগ্ন সাঁকো ও চকরিয়াখালীতে নির্মিত হয়নি ব্রিজ।বাঁশখালী উপজেলা প্রকৌশলী শাহ আলম জানান, বাঁশখালীতে ছোট-বড় পাঁচ শতাধিক সাঁকো রয়েছে। পর্যায়ক্রমে ব্রিজ-কালভার্টও নির্মিত হচ্ছে। অনেক সাঁকোর স্থানে এখন ব্রিজ হয়েছে দাবি করে তিনি বলেন, মনকিচর মাদ্রাসাসংলগ্ন ও পশ্চিম বড়ঘোনা ভাটাখালী খালে শিগগির কালভার্ট ও ব্রিজ নির্মিত হবে। এমনকি কয়েকটি সাঁকোতে কালভার্ট নির্মাণের বরাদ্দও এসে গেছে বলে জানান তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার হাসনাত তারিক প্রথম আলোকে জানান, বাঁশখালী উপকূলীয় এলাকাসহ বিভিন্ন এলাকায় তিন শতাধিক সাঁকো রয়েছে। এসব সাঁকোর কারণে উপকূলবাসীকে বেশ সমস্যায় পড়তে হয়। তিনি এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান।