রাঙামাটি পার্বত্য জেলার সবচেয়ে সুবিধাবঞ্চিত ও দুর্গম এলাকা জুরাইছড়ি উপজেলার ভুবনজয় সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। এক হাজারের বেশি শিক্ষার্থীর জন্য বর্তমানে শিক্ষক আছেন মাত্র তিনজন। পরিস্থিতি সামাল দিতে অভিভাবকেরা নিজেরা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।সূত্র জানায়, উপজেলার একমাত্র সরকারি উচ্চবিদ্যালয়টিতে এক হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের পদ আছে প্রধান শিক্ষকসহ ১১টি। কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র তিনজন। এর মধ্যে প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত শিক্ষককে সব সময় ব্যস্ত থাকতে হয় নানা দাপ্তরিক কাজে। বিদ্যালয়ে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঁচটি শ্রেণীতে একনাগারে পাঠদান করতে হয় দুই শিক্ষককে। কম্পিউটার শিক্ষকের অভাবে বিদ্যালয়ে ল্যাপটপসহ মোট নয়টি কম্পিউটার অব্যবহূত অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় এসব মূল্যবান কম্পিউটার ও যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জানা গেছে, বিদ্যালয়টি সরকারীকরণের সময় জনবল কাঠামোতে প্রধান শিক্ষকসহ মাত্র ১১ জন শিক্ষকের পদ দেখানো হয়। এরপর আর তা বাড়ানো হয়নি। অপরদিকে, বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হলেও দুর্গম যাতায়াতসহ বিভিন্ন সমস্যার কারণে শিক্ষকেরা এলাকায় থাকেন না। সূত্র জানায়, বিধি অনুযায়ী নতুন নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষককে সংশ্লিষ্ট বিদ্যালয়ে কমপক্ষে তিন বছর থাকতে হয়। কিন্তু এখানে নতুন নিয়োগ পাওয়া কিংবা বদলি হয়ে আসা শিক্ষকেরা দুই-তিন মাস না যেতেই ওপর মহলে তদবির করে অন্য জায়গায় বদলি হয়ে যান। বর্তমানে শিক্ষকসংকট দূর করার জন্য অভিভাবকদের উদ্যোগে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল আমিন জানান, বিদ্যালয়ে প্রধান সমস্যা জনবলসংকট। বর্তমানে বিদ্যালয়ে মাত্র তিনজন শিক্ষক কর্মরত থাকায় বিভাগভিত্তিক পাঠদানে সমস্যা দেখা দেয়। যেমন অনেক শিক্ষার্থীর ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ার ইচ্ছে থাকলেও শিক্ষক না থাকায় ওই বিভাগটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।অন্যদিকে, বিদ্যালয়ের কার্যসহকারী, নৈশপ্রহরী ও দপ্তরির পদ তিনটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে অনেক সময় সহকারীর কাজগুলো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে করতে হয়। এমনকি ঘণ্টা বাজাতে হয় শিক্ষকদের। বিদ্যালয়ের অভিভাবক দীমান্ত লাল চাকমা বলেন, ‘বিদ্যালয়টি সরকারি হওয়ার পর থেকে শিক্ষকসংকট শুরু হয়েছে। আমরা সরকারের আশায় বসে না থেকে অভিভাবকেরা মিলে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।’বিদ্যালয়ের একজন ছাত্রীর মা মাননিতা চাকমা বলেন, ‘শিক্ষকসংকটের কারণে বিদ্যালয়ে শিক্ষার উন্নয়ন ঘটছে না। কিন্তু বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় অভিভাবকেরা ছেলে-মেয়েদের এ বিদ্যালয়ে ভর্তি করাতে বাধ্য হন।’ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল আমিন বলেন, ‘দুইজন শিক্ষককে অবিরাম পাঁচটি শ্রেণীতে পাঠদান করতে হয়। এমন বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান আশা করা যায় না।’ জুরাইছড়ি উপজেলার চেয়ারম্যান প্রবর্তক চাকমা বলেন, ‘সরকার এবং প্রশাসনের সুদৃষ্টি না থাকায় বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ছে। বদলির ক্ষেত্রে সরকারি নিয়ম কঠোরভাবে অনুসরণ করা উচিত।’ তাঁর মতে, বিদ্যালয়টি সরকারি করার সময় অপরিকল্পিতভাবে জনবল কাঠামো তৈরি করায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান।