তিন সেরা য়ুম্মাম, সানজিমা ও দীপ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

য়ুম্মাম থামোই সেতুর সাফল্যে আনন্দের ঢেউ উঠেছে চট্টগ্রামের লোহাগাড়া ও মৌলভীবাজারের কমলগঞ্জে। এ আনন্দের সমান অংশীদার লোহাগাড়া ও কমলগঞ্জবাসী। সেতু লোহাগাড়ার বিদ্যালয় থেকে প্রথম হয়েছে বলে গর্বিত এই এলাকার মানুষ। অপর দিকে কমলগঞ্জের মণিপুরিপাড়ায় তাকে নিয়ে এখন অন্য রকম উচ্ছ্বাস। কারণ এর আগে কোনো মণিপুরি শিশু এমন কৃতিত্ব দেখায়নি। লোহাগাড়া উপজেলার নজুমুন্নিছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে চট্টগ্রাম জেলায় প্রথম ও বিভাগে ষষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে সে। তার প্রাপ্ত নম্বর ৫৮৫।ভবিষ্যতে আরও ভালো করতে চায় সেতু। তার ইচ্ছে চিকিৎসক হওয়ার। সেতু জানায়, ‘স্বপ্ন ছিল ভালো করার, সে জন্য চেষ্টা করেছি আর তাই সফলও হয়েছি।’ তার বাবা পরিমল সিংহ লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পাঠ্যবইয়ের পাশাপাশি সেতু নিয়মিত সাহিত্য ও বিজ্ঞানের বই পড়ত বলে তিনি জানান।মা স্মৃতি রানী সিংহ ভাবতেই পারেননি মেয়ে এত ভালো করবে, এ কারণে তাঁর উচ্ছ্বাসটাও বেশি।নজুমুন্নিছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজামাল প্রথম আলোকে জানান, ‘সেতু ক্লাসে বরাবরই প্রথম হতো। পাশাপাশি কবিতা আবৃত্তিতে চট্টগ্রাম জেলায় সে প্রথম স্থান অর্জন করেছে।’এদিকে কমলগঞ্জের মণিপুরিপাড়ায় সেতুকে নিয়ে আনন্দ-উৎসব চলছে বলে টেলিফোনে প্রথম আলোকে জানান তার মা। তার বন্ধু লৈরিক ও শ্রাবণ জানায়, ‘সেতু আমাদের গর্ব, তাকে নিয়ে আনন্দ-উল্লাস চলবে আরও কয়েক দিন।’পটিয়ার মেধাবী সানজিদা: পটিয়া পিটিআই-সংলগ্ন প্রশিক্ষণ বিদ্যালয়ের মেধাবী শিশুশিক্ষার্থী সানজিদা খানম (অভি) মায়ের কথামতে রাত-দিন পড়ালেখায় ব্যস্ত সময় কাটিয়েছে বলেই এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। সে ৫৮৪ নম্বর পেয়ে চট্টগ্রাম জেলা থেকে দ্বিতীয় এবং উপজেলা পর্যায়ে পটিয়া থেকে মেধাতালিকায় প্রথম হয়েছে। সানজিদা খানম তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলে, ‘আমার খুব খুশি লাগছে এ রকম একটা সাফল্য এনে দিতে পেরে। এ সাফল্যের পেছনে মা ছাড়াও বাবা ও শিক্ষকদের অবদান যথেষ্ট রয়েছে।’ সানজিদার বাড়ি পটিয়া উপজেলার কুসুমপুরা গ্রামে। গত বছর একই বিদ্যালয় থেকে চট্টগ্রাম জেলা থেকে প্রথম হয়েছিল। তার মা সামসুন নাহারও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বাবা হারুনুর রশিদ উত্তর হরিণখাইন জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হারুনুর রশিদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এ ধরনের সাফল্যের জন্য তার মায়ের অবদানই সবচেয়ে বেশি। আমি তাদের সব সময় উৎসাহ দিতাম। আমার মেয়ের সাফল্যের জন্য আমি খুবই গর্বিত।’মা সামসুন নাহার বলেন, ‘আমার মেয়ে কখনো আমার অবাধ্য হয়নি। পড়ালেখা শেষ না করে কখনো ঘুমাত না। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষকদের অবদানও খুব কম নয়।’দীপ্র সাহার দীপ্তি: ‘ও সব সময় বলত, মা আমি থানা পর্যায়ে প্রথম হব। পরীক্ষার ফলাফল তার কথা সত্যি প্রমাণ করেছে।’ চোখেমুখে বাঁধভাঙা আনন্দ নিয়ে কথাগুলো বললেন মেধাবী মুখ দীপ্র সাহার মা দীপা সাহা। নগরের ডবলমুরিং থানায় প্রথম এবং জেলায় তৃতীয় স্থান অধিকার করা চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের দীপ্র সাহার গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার মজুমদারখিল গ্রামে। তাঁর বাবা প্রদীপ সাহা ব্যাংকার। মোট ৬০০ নম্বরের মধ্যে দীপ্র সাহা পেয়েছে ৫৮১। নিজের ফলাফলে সন্তোষ প্রকাশ করে দীপ্র বলে, ‘আমি ভবিষ্যতে তড়িৎ প্রকৌশলী হতে চাই।’ সে জানায়, বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি, শিক্ষকদের প্রচেষ্টা এবং পড়ালেখার প্রতি বাবা-মায়ের সচেতনতাই তাকে সাফল্য এনে দিয়েছে।প্রতিবেদনগুলো তৈরি করেছেন আবদুর রাজ্জাক, পুষ্পেন চৌধুরী ও মোহাম্মদ রফিক