তিন স্থানে ভাঙন ঝুঁকিতে শহর রক্ষা বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামনে ঝড়-বৃষ্টির মৌসুম। কিন্তু এখনো সংস্কার হয়নি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। আতঙ্কে দিন কাটছে সমুদ্রপাড়ের আশপাশের মানুষের। ছবিটি পতেঙ্গা খেজুরতলা এলাকা থেকে তোলা  জুয়েল শীল
সামনে ঝড়-বৃষ্টির মৌসুম। কিন্তু এখনো সংস্কার হয়নি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। আতঙ্কে দিন কাটছে সমুদ্রপাড়ের আশপাশের মানুষের। ছবিটি পতেঙ্গা খেজুরতলা এলাকা থেকে তোলা জুয়েল শীল

২৩ কিলোটাির দীর্ঘ চট্টগ্রাম শহর রক্ষা বাঁধের বেশ কিছু অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে আছে। বাঁধের অন্তত সাড়ে ৬০০ মিটার এলাকা সংস্কারের জন্য দরপত্র আহ্বান করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে বর্ষার আগে বাঁধ সংস্কার হবে কি না এবং হলেও তা কত দিন টিকবে, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বেড়িবাঁধের পতেঙ্গা এলাকার জেলেপাড়া, খেজুরতলা ও কাটগড় অংশে পাথরের ব্লক বা বালুর বস্তা নেই। সামনে বর্ষা বলে আতঙ্কে দিন কাটাচ্ছে এসব এলাকার লোকজন।
তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) আউটার রিং রোড নির্মাণ করলে শহর রক্ষা বাঁধ আরও বেশি মজবুত হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় এমপি এম এ লতিফ। এ জন্য অন্তত আরও এক বছর সময় লাগবে বলে জানান তিনি। তিনি বলেন, খুব শিগগির বেড়িবাঁধের ওপর দিয়ে চট্টগ্রাম আউটার রিং রোডের নির্মাণকাজ শুরু হচ্ছে। চার লেনের এই সড়ক নির্মাণের সময় বেড়িবাঁধ এমনিতেই মজবুত ও শক্তিশালী করতে হবে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পতেঙ্গা সমুদসৈকত এলাকার পাশে অবস্থিত বাঁধের কিছু অংশে পাথরের বড় বড় খণ্ড রয়েছে। এরপর বিশাল এলাকাজুড়ে পাথরের অস্তিত্ব নেই। অল্প কয়েকটি জায়গায় বালুর বস্তা দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা চলছে। বেড়িবাঁধ সড়কের দুই পাশেই গড়ে উঠেছে একাধিক দোকান। অধিকাংশ দোকানের পেছনে বালুর বস্তা ও পাথরের ব্লক দেখা যায়নি। ঝুঁকি নিয়েই ব্যবসা করছেন বলে জানান তাঁরা।
পতেঙ্গার জেলেপাড়া, খেঁজুরতলা ও কাটগড় এলাকায় বেড়িবাঁধের পাশেই বসবাস করে কয়েক হাজার পরিবার। ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে যেতে পারে, এমন আতঙ্কে দিন কাটাচ্ছে তারা। ওই এলাকায় বাঁধ রক্ষা ও সংস্কারকারে পাউবোর কার্যক্রম ও ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী। তিনি বলেন, কোনো রকমে বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার কাজ হচ্ছে। আর বর্ষা এলে তা মিলিয়ে যায়। কী জন্য এই সংস্কারকাজ হয়, কিছুই বোঝা যায় না। এমন পরিকল্পনা নেওয়া উচিত, যাতে ৫০ বছর বাঁধ ঠিক থাকে।
এ ব্যাপারে পাউবোর তত্ত্বাবধায়ক মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, পতেঙ্গা বেড়িবাঁধ সংস্কার ও মজবুত করার জন্য পরিকল্পনা রয়েছে। বাঁধ স্থায়ীভাবে রক্ষা করার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন তা অনুমোদনের অপেক্ষায় আছে।
বেড়িবাঁধ এলাকার ব্যবসায়ী বাবুল আকতার প্রথম আলোকে বলেন, ‘আমার দোকানের পেছনের অংশে বালুর বস্তা কিংবা পাথর—কিছুই নেই। কিছুদিন পর বর্ষা মৌসুম শুরু হবে। তখন এই দোকান থাকবে কি না সন্দেহ আছে। আগেই এই বাঁধ ঠিক করা উচিত ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা আর করেনি।’
এই ব্যবসায়ী অভিযোগ করেন, প্রতিবছরই বেড়িবাঁধের বিভিন্ন অংশ ভাঙছে। কিন্তু ঠিকভাবে মেরামত করা হয় না। পাউবো টুকটাক কাজ করে চলে যায়। পাউবোর চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফ জামান জানান, বাঁধের তিনটি অংশ ভেঙে গেছে। বাঁধের ক্ষতিগ্রস্ত প্রায় ৬৫৫ মিটার এলাকা সংস্কার করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র-প্রক্রিয়া শেষে খুব শিগগির ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কার্যাদেশ দেওয়া হবে। আগামী জুনের আগেই কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব অংশ সংস্কার করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে এক কোটি ২০ লাখ টাকা।
উল্লেখ্য, ১৯৯১ সালে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর ১৯৯৬ সালে শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়।