
খবর: ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের তিনটি পুকুর থেকে প্রায় ৩ হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। গত ২৮ আগস্ট সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের উপস্থিতিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশীদ আলম পুকুর থেকে চাল উত্তোলন করেন। এ ব্যাপারে খুরশীদ জানান, আজিজুল নামের এক ব্যবসায়ী ঈদের আগের দিন সবুজ নামে এক ইলেকট্রিক মিস্ত্রির কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ২ হাজার ৬০০ কেজি চাল কেনেন। সবুজ বিভিন্ন লোকের কাছ থেকে ভিজিএফের চাল কিনে আজিজুলের কাছে বিক্রি করেছিলেন। জেলার অন্যান্য স্থানে চাল আটকের খবর শুনে আতঙ্কে ব্যবসায়ী আজিজুল চালগুলো তাঁর বাড়ির পাশের কয়েকটি পুকুরে ফেলে দেন। (সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৮ আগস্ট ২০১৮)
বাংলাদেশে তেল ও গ্যাসের পর এবার খনিতে চালের সন্ধান পাওয়া গেছে। গত ২৮ আগস্ট ঝিনাইদহ জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের তিনটি পুকুরে চালের খনির সন্ধান পাওয়া যায়।
সরেজমিনে ওই এলাকা না ঘুরে জানা গেছে, খনিতে চালের সন্ধান পাওয়ায় এলাকার মানুষের খুশির বাঁধ ভেঙে গেছে। তবে দুঃখের বিষয় হলো, সেই ভাঙা বাঁধ মেরামতে এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানই এগিয়ে আসেনি। তবে এতে এলাকার মানুষের কোনো আফসোসও নেই।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের নাম যেহেতু মহারাজপুর, তাই রাজা-মহারাজাদের আমলের গুপ্তচালই ওই তিনটি পুকুরে পাওয়া গেছে। ওই ঘটনার পর আশপাশের পুকুরগুলোর মালিকেরাও পুকুরে পাহারা বসিয়েছেন। চাল পাওয়ার আশায় অনেকেই ডোবা-নালা ও চাষের জমিতে পুকুর খনন করতে শুরু করেছেন।
এদিকে খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, দেশ যে খাদ্যে স্বনির্ভর তা আরেকবার প্রমাণিত হলো। সারা দেশের সব পুকুরে চাল পাওয়া যাবে, এমন আশাবাদ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন থেকে আর চাল আমদানি নয়, রপ্তানিও অব্যাহত রাখা যাবে।’
পুকুর থেকে চাল উদ্ধারের ঘটনায় কৃষি মন্ত্রণালয় বলেছে, দেশের চাষের জমিগুলোর ওপর কৃষকেরা এত দিন যে অত্যাচার করেছেন, তা এখন কিছুটা কমবে। চাষিদের আর কষ্ট করে জমিতে চাষ করে সার-বীজ ছিটাতে হবে না। পুকুর থেকে চাল নিয়েই দেশের মানুষের ভাতের চাহিদা মেটানো যাবে।
তবে একটি কুচক্রী মহল এরই মধ্যে গুজব ছড়াতে শুরু করেছে যে পুকুরগুলোতে আসলে চাল নয়, ভাতই পাওয়া যেত, কিন্তু সরকারের ব্যর্থ অনুসন্ধানী দলের কারণে হাজার হাজার কোটি টাকা অপচয় হলো। বিরোধী জোট বলেছে, পুকুরগুলোতে শুধু চালই নয়, রান্না করা ভাত, তরকারি, মাছ, মাংস, রুটি, হালুয়া, পোলাও, কোর্মা, কালিয়া, কোপ্তাও পাওয়া গেছে। সরকার শুধু চালের খবরটি প্রকাশ করে বাকি সবকিছু আত্মসাৎ করেছে। তাদের ক্ষমতায় পাঠালে খনি থেকে উদ্ধার করা সব খাদ্যবস্তুই জনগণের মধ্যে বিতরণের আশ্বাসও দিয়েছে বিরোধী জোট।
খনি থেকে চাল উদ্ধারের ঘটনা জানাজানি হলে স্থানীয় চাল ব্যবসায়ী আজিজুল খনিজ চাল খাওয়ার ভয়ে আত্মগোপন করেছেন। স্থানীয় লোকজনের ধারণা, খনিজ চালের কারণে ব্যবসায় মন্দাভাব নেমে আসবে, এই আতঙ্কেও আজিজুল কোথাও গিয়ে মূর্ছাবস্থায় থাকতে পারেন।
এদিকে খনিজ চাল আবিষ্কারের পর দেশের সব পুকুরকে সরকার জাতীয়করণের ঘোষণা দিয়েছে। ফলে কোনো পুকুরমালিকই লোটা-বদনা-বালতি-গামলা নিয়ে পুকুরে নামতে পারছেন না। সরকার বলেছে, ন্যায্যমূল্যেই দেশের সব মানুষকে খনিজ চাল কিনে খেতে হবে। খনি থেকে চাল উত্তোলনের ঘটনা যেহেতু বাংলাদেশেই প্রথম ঘটল, তাই বাংলাদেশকে বিরল সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও কোরিয়ার কিম জং-উন। যদিও তাঁদের এই ঘোষণায় বাংলাদেশ সরকার ইতিবাচক কিছুই খুঁজে পায়নি। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার যাতে সুড়ঙ্গ পথে বাংলাদেশের চাল নিয়ে যেতে না পারে সে জন্য সীমান্তে কড়া পাহারা বসানো হয়েছে।