চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে দলাদলি (গ্রুপিং) ও বিভেদ তৈরি হয়েছে। এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক একজোট হয়ে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অপরদিকে জ্যেষ্ঠ সহসভাপতি নিজে আলাদাভাবে তাঁর অনুসারীদের নিয়ে দলীয় কর্মকাণ্ডে যোগ দিচ্ছেন।বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, গত ২৯ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তিন সদস্যের কমিটি গঠিত হয়। নতুন কমিটিতে আমিনুল ইসলামকে সভাপতি, নেসারুল ইসলামকে জ্যেষ্ঠ সহসভাপতি ও সাইফুদ্দিন সালামকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এ কমিটি গঠনের পর নয় মাস অতিবাহিত হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। এ নিয়ে চবি ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। দলীয় সূত্র জানায়, কমিটির কলেবর বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে একটি তালিকাও জমা দেওয়া হয়। কিন্তু এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। নেতাদের দাবি, পূর্ণাঙ্গ কমিটি এখন কেন্দ্রীয় কমিটির অনুমোদনের অপেক্ষায় আছে। এ বিষয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, ‘খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’ এদিকে কমিটির তিন শীর্ষনেতা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক এক পক্ষে ও জ্যেষ্ঠ সহসভাপতি আরেক পক্ষে আছেন। শীর্ষ তিন নেতার এ বিরোধ ছড়িয়েছে কর্মী-সমর্থকদের মধ্যেও। কর্মীরা জানান, শীর্ষনেতাদের মধ্যে বিভক্তি এবং দীর্ঘদিন ধরে কমিটি সম্প্রসারিত না হওয়ায় সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ফলে ক্যাম্পাস-রাজনীতিতে ছাত্রদল সক্রিয় হতে পারছে না।সংগঠনের এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে আগের কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুম বলেন, ‘তিন নেতা ১৫ দিনের মধ্যে কমিটি সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নয় মাসেও তাঁরা প্রতিশ্রুতি রাখতে পারেননি। এ কারণে নেতা-কর্মীদের মনোবল ভেঙে পড়েছে।’ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম বলেন, ‘প্রায় দুই মাস আগে কেন্দ্রীয় কমিটির কাছে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলার কারণে কমিটি সম্প্রসারণ-প্রক্রিয়া থেমে আছে।’কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কমিটির তালিকা আমরা পেয়েছি। যাচাই-বাছাই করে দ্রুত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হবে।’বিভক্ত হয়ে কর্মসূচি পালনের বিষয়টি স্বীকার করেছেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহসভাপতি নেসারুল ইসলাম। তিনি বলেন, ‘উনারা (সভাপতি ও সাধারণ সম্পাদক) আমাকে দলীয় কর্মসূচির বিষয়ে অবহিত করেন না। তাই আমি আমার নেতা-কর্মীদের নিয়ে দলীয় কর্মসূচি পালন করি।’