তিনটি পদে ১৭৫ জনকে চাকরি দেবে দিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন উপজেলায় দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে দিশা
বিভিন্ন উপজেলায় দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে দিশা

ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টে (দিশা) তিনটি পদে মোট ১৭৫ জন নিয়োগ হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি পাওয়া যাবে গত ২২ সেপ্টেম্বর প্রথম আলোর ১৭ পৃষ্ঠায়।
প্রতিষ্ঠানটি দেশের ১২টি জেলার ৫৮টি উপজেলায় দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্রঋণের পাশাপাশি আলোঘর কার্যক্রম, ডেইরি অ্যান্ড লাইভ স্টক ডেভেলপমেন্ট কার্যক্রম, টেকনিক্যাল ট্রেনিং, স্বাস্থ্য ও শিক্ষা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে পিকেএসএফ, স্ট্রম ফাউন্ডেশন ও বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফেনী, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার গ্রামাঞ্চলে এসব পদে লোক নিয়োগ করা হবে।
প্রতিষ্ঠানটিতে শাখা ব্যবস্থাপক (পিও) পদে ২৫ জন, সিনিয়র ক্রেডিট অফিসার ও ক্রেডিট অফিসার পদে ১৫০ জনকে নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানটির সমন্বয়ক (কার্যক্রম) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘আমাদের এখানে শাখা ব্যবস্থাপক পদে আমরা অভিজ্ঞ লোক নিয়ে থাকি। তবে ক্রেডিট অফিসার পদে তরুণদেরই নিয়োগে বেশি অগ্রাধিকার দেওয়া হয়।’ পদ তিনটিতে আবেদন করা যাবে ২০ অক্টোবর পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শাখা ব্যবস্থাপক পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্নাতক অথবা যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীকে পিকেএসএফের সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমের শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর।

সিনিয়র ক্রেডিট অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। এ পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৫ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে।

অন্যদিকে ক্রেডিট অফিসার পদে তিনটি গ্রেডে লোক নিয়োগ করা হবে। এ পদের তিনটি গ্রেডের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতারও ভিন্নতা রয়েছে। ক্রেডিট অফিসার (গ্রেড-১) পদের প্রার্থীদের যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি সম্মান পাস থাকতে হবে। ক্রেডিট অফিসার (গ্রেড-২) পদের প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ পেয়ে স্নাতক পাস হতে হবে। আর ক্রেডিট অফিসার (গ্রেড-৩) প্রার্থীরা সব পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ পেয়ে উচ্চমাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। এ পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২০ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। সিনিয়র ক্রেডিট অফিসার ও ক্রেডিট অফিসার পদের প্রার্থীদের অবশ্যই বাইসাইকেল চালানো জানতে হবে।

এসব পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদের কপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবিযুক্ত (মোবাইল নম্বরসহ) স্বহস্তে লিখিত দরখাস্ত পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ), দিশা, ই/১০. বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে ১১, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাকযোগে বা [email protected] পাঠাতে হবে।

চন্দন কুমার চক্রবর্তী বলেন, এখানে ভিন্ন প্রশ্নে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে কর্মী নির্বাচন করা হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীদের স্মার্টনেস, আচরণ, কাজের আগ্রহ, উপস্থাপন ইত্যাদি বিষয়ও দেখা হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত একজন শাখা ব্যবস্থাপক যোগ্যতা অনুযায়ী সাকল্যে ২০ হাজার ৩২৫ টাকা থেকে ২২ হাজার ৩২৫ টাকা বেতন পাবেন। আর একজন সিনিয়র ক্রেডিট অফিসার শিক্ষানবিশকাল শেষে নিয়মিত স্কেলে মাসিক সাকল্যে ১৬ হাজার ৫০ টাকা, ক্রেডিট অফিসার (গ্রেড-১) ১৪ হাজার ৭৫০ টাকা, ক্রেডিট অফিসার (গ্রেড-২) ১৪ হাজার ২০০ টাকা এবং ক্রেডিট অফিসার (গ্রেড-৩) ১৩ হাজার ৬২৫ টাকা বেতন পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে চাকরিতে যোগদানের সময় ১০ হাজার টাকা এবং সিনিয়র ক্রেডিট অফিসার ও ক্রেডিট অফিসারদের ৭ হাজার ৫০০ টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী স্বল্পমূল্যে বাসস্থান, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, পিএফ, বিমা, চিকিৎসা সহায়তা ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।