তিনটি বৃত্তির খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
  • জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের এমইএক্সটি স্কলারশিপ দেয় সে দেশের সরকার। এই বৃত্তির আওতায় টিউশন ফি ছাড়াই স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডিসহ প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ ডিগ্রির জন্য আবেদন করা যায়। বৃত্তির আবেদন ও ভর্তি প্রক্রিয়া চলাকালীন কোনো ধরনের ফি দিতে হয় না। বৃত্তি পেলে মাসিক উপবৃত্তি, গবেষণার খরচ, বিমান যাতায়াতের খরচসহ নানা ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায়। ২০২৩ সেশনের জন্য বৃত্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ মে পর্যন্ত। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। ১৯৮৮ সালের ২ এপ্রিলের পর যাঁরা জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন। আবেদনের সময় আইইএলটিএস বা টোয়েফলের সনদ জমা দিতে হবে। বিস্তারিত এখানে।

  • ইরানের ডি-৮ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ডি-৮ সদস্যভুক্ত দেশ হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তির আবেদন গ্রহণ করা হচ্ছে। দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ও তিন বছর মেয়াদি পিএইচডি ডিগ্রির জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। আবেদন করতে হবে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে। কম্পিউটারবিজ্ঞান, প্রকৌশল, সফটওয়্যার প্রকৌশল, ইনফরমেশন সিকিউরিটি, হেলথ ইনফরমেটিকস, রসায়ন, ফার্মেসিসহ ৩২টি বিষয়ে পড়ার সুযোগ আছে এই বৃত্তির আওতায়। বিস্তারিত জানা যাবে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।

  • যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৩-২৪ কর্মসূচির জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। এই শিক্ষা কার্যক্রমের আওতায় স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা বিনা খরচে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পান। প্রশাসন, শিক্ষানীতি, পরিকল্পনা ও ব্যবস্থাপনা, চিকিৎসাবিজ্ঞান, জনস্বাস্থ্য, জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান, ফার্মেসি, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, ইতিহাস, সাহিত্য, ভাষা ও সংস্কৃতি, মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর এমবিএ, আন্তর্জাতিক অর্থনীতি, পরিবহন ব্যবস্থা, নগর পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে ফেলোশিপের জন্য আবেদন করা যাবে। এই ফেলোশিপের আওতায় আর্থিক সুবিধাও প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার বিমান ভাড়া; টিউশন ফি ও শিক্ষাসংশ্লিষ্ট খরচ; থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক বৃত্তি; বইপত্র কেনার জন্য ভাতা; স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা, ভ্রমণ ও ব্যাগেজ ভাতা প্রদান করা হয়। আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশের স্বীকৃত সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলাফলসহ ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিলে আবেদন করা যাবে না। যে বিষয়ে পড়তে যেতে চান, সেই বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক ও সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। টোয়েফল পরীক্ষায় ৯০ বা আইইএলটিএস পরীক্ষায় ন্যূনতম ৭ স্কোর থাকতে হবে। আবেদনের বিস্তারিত দেখুন এখানে।