তিনটি বেসরকারি ব্যাংকে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তরুণদের পছন্দের একটি পেশা হচ্ছে ব্যাংকে চাকরি। এখন সরকারি ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোতেও চাকরির সুযোগ তৈরি হচ্ছে। এ বেসরকারি ব্যাংকগুলো বছরের বিভিন্ন সময় তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন পদে লোক নিয়ে থাকে। সম্প্রতি তিনটি বেসরকারি ব্যাংকে বিভিন্ন পদে লোক নেওয়া হবে বলে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, এবি ব্যাংক ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (বাংলাদেশ অপারেশনস)। তাই এসব ব্যাংকে আবেদন করে বিভিন্ন নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে আপনিও নিতে পারেন এ সুযোগটি।
এক্সিম ব্যাংক
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার: পদটিতে আবেদন করতে হলে প্রার্থীকে চার বছরের স্নাতকসহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে ন্যূনতম সিজিপিএ-৩ অথবা প্রথম শ্রেণি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৫ থাকতে হবে। বয়স হতে হবে ৬ মে ২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। এই পদের নির্বাচিত প্রার্থীদের শিক্ষানবিশকালে ৪০ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ‘এক্সিকিউটিভ অফিসার’ হিসেবে ৫৭ হাজার ৭০০ টাকা বেতন দেওয়া হবে। প্রার্থীকে কম্পিউটারে দক্ষ হতে হবে।

ট্রেইনি অফিসার: এ পদটিতে আবেদন করতে হলে যেকোনো বিষয়ে চার বছরের স্নাতক পাস হলেই আবেদন করা যাবে। স্নাতক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ-২.২৫ অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৪.৫ থাকতে হবে। বয়স হতে হবে ৬ মে ২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। পদটিতে নির্বাচিত প্রার্থীদের শিক্ষানবিশকালে ২২ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ‘অফিসার’ হিসেবে ৩৩ হাজার ৫৫০ টাকা বেতন দেওয়া হবে। প্রার্থীকে কম্পিউটার জানতে হবে।

ট্রেইনি অফিসার (ক্যাশ): এ পদটিতেও আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো বিষয়ে চার বছরের স্নাতক পাস হতে হবে। স্নাতক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ-২.২৫ অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে। বয়স হতে হবে ৬ মে ২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। পদটিতে নির্বাচিত প্রার্থীদের শিক্ষানবিশকালে ২২ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ‘অফিসার (ক্যাশ)’ হিসেবে ৩৩ হাজার ৫৫০ টাকা বেতন দেওয়া হবে। প্রার্থীদের কম্পিউটার জানতে হবে।
যেভাবে আবেদন করবেন: পদ তিনটিতে আবেদন করতে হলে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যাংকের ওয়েবসাইট http://career.eximbank.bd এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে ৩০ মে ২০১৬-এর মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখুন ৬ মের প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরির প্রথম পৃষ্ঠায়।

এবি ব্যাংক
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও): এ পদটিতে এমবিএ, বাণিজ্যে স্নাতকোত্তর, বিজ্ঞানে স্নাতকোত্তর এবং সমাজবিজ্ঞান থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে ন্যূনতম দুটি প্রথম শ্রেণি বা বিভাগ/সিজিপিএ থাকতে হবে। সিজিপিএ-৪ এর মধ্যে ৩.৫ এর কম থাকা যাবে না। কোনো তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে ইংরেজিতে পারদর্শী এবং কম্পিউটারে এমএস অফিসে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ৩০ এপ্রিল ২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।

যেভাবে আবেদন করবেন: পদটিতে আবেদন করতে হলে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগ্রহী প্রার্থীদের www.abbl.com/career এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৬ মে ২০১৬ পর্যন্ত। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে গত ৭ মের প্রথম আলোর পঞ্চম পৃষ্ঠায়।

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
(বাংলাদেশ অপারেশনস)

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারস (এটিও): এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম সিজিপিএ-৩ (৪ এর মধ্যে) এবং সিজিপিএ-৩.৫ (৫ এর মধ্যে) পেয়ে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। পদটিতে শুধু বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১ এপ্রিল ২০১৬ তারিখে সর্বনিম্ন ২১ এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের এক বছর প্রবেশনকালে ২৫ হাজার টাকা এবং প্রবেশনকাল শেষে ৩৪ হাজার ১০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের www.sbibd.com ঠিকানা থেকে আবেদন ফরম ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (বাংলাদেশ অপারেশনস), উদয় টাওয়ার (দ্বিতীয় তলা), ৫৭ ও ৫৭এ, গুলশান অ্যাভিনিউ, গুলশান ১, ঢাকা-১২১২ এই ঠিকানায় পাঠাতে হবে। পদটিতে আবেদন করা যাবে ২২ মে ২০১৬ সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে ৩ মের প্রথম আলোর ১১ পৃষ্ঠায়।