কক্সবাজারের টেকনাফের চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে তিনটিতেই জিতেছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীরা। একটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগে প্রার্থী।
ব্যালট বাক্স ও পেপার ছিনিয়ে নিয়ে সিল মারা, কেন্দ্র দখলের চেষ্টা এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের ওপর হামলাসহ নানা অপ্রীতিকর ঘটনার মধ্যে ২২ মার্চ শেষ হয়েছে এই চার ইউপির নির্বাচন।
তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলছেন এসব ঘটনা বিক্ষিপ্ত। চার ইউনিয়নের ৩৬টি কেন্দ্রের কোনোটিতেই ভোট গ্রহণ স্থগিত রাখতে হয়নি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সাবরাং ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী নুর হোসেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সোনা আলী। সেন্ট মার্টিনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী নুর আহমদ, নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান।
টেকনাফ সদরে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শাহাজান মিয়া, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জিয়াউর রহমান। বাহারছড়ায় জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী আজিজ উদ্দিন, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. রফিক উল্লাহ।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। যার ফলে নির্বাচনে দলীয় প্রার্থী হেরেছে।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম জানান, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শেষ হয়েছে। কিন্তু নির্বাচন–পরবর্তী দুটি পৃথক ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ওই দিন রাতে প্রতিটি কেন্দ্র থেকে আসা ফলাফলের ভিত্তিতে আওয়ামী লীগ মনোনীত একজন ও স্বতন্ত্র থেকে নির্বাচিত তিনজনকে বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।