তিনটিতেই নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাফর আলম, আশেকুল্লাহ রফিক, কানিজ ফাতেমা মোস্তাক ও আবদুর রহমান বদি
জাফর আলম, আশেকুল্লাহ রফিক, কানিজ ফাতেমা মোস্তাক ও আবদুর রহমান বদি

কক্সবাজারের চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের টিকিট পাওয়া তিনজনই এবার নতুন মুখ। তাঁরা হলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আশেকুল্লাহ রফিক, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক। আর কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে দলের বর্তমান সাংসদ আবদুর রহমান ওরফে বদি মনোনয়ন পেয়েছেন।
নেতা-কর্মীরা জানান, চূড়ান্ত প্রার্থী তালিকায় নতুন মুখ দেখে সবাই খুশি। প্রার্থী নির্বাচনে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু দলের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হলে সে ক্ষেত্রে তৃণমূলের নেতা-কর্মীরা বিভ্রান্ত হতে পারেন।
জানা যায়, দলের মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন ৩৭ জন। এর মধ্যে সাবেক সাংসদ, আইনজীবী, প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রবীণ রাজনীতিকেরা ছিলেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ দাশ বলেন, গত ২৪ নভেম্বর গণভবনে মনোনয়নপ্রত্যাশীরা জেলার চারটি আসনের একক প্রার্থী নির্বাচনের দায়িত্ব শেখ হাসিনার হাতে তুলে দেন। তিনি যাচাই-বাছাই করে প্রার্থীদের নাম ঘোষণা দিয়েছেন। এখন দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দলীয় সূত্র জানায়, কক্সবাজার-৪ ( উখিয়া-টেকনাফ) আসনেও নতুন মুখ আসার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত বর্তমান দলীয় সাংসদ আবদুর রহমান ৩০০ জনের তালিকায় ঠাঁই করে নিয়েছেন। এদিকে দলীয় মনোনয়ন না পেলেও আরও কয়েকজনের স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কক্সবাজার-৪ আসনে নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ওই আসনের সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। এ ছাড়া কক্সবাজার-৩ আসনে মনোনয়নপত্র নিয়েছেন গতবারের মহাজোট প্রার্থী সাইমুম সরওয়ার ওরফে কমল। অন্যান্য আসনেও একাধিক প্রার্থী মনোনয়নপত্র নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বর্তমানে জেলার চারটি আসনের মধ্যে একটি আওয়ামী লীগ, দুটি বিএনপি ও একটি জামায়াতের দখলে রয়েছে।