তিনি আর রসিকতা করেন না!
বাংলা সাহিত্যের কোনো এক ‘কালজয়ী’ লেখকের সঙ্গে ‘বাজারি লেখক’ হুমায়ূন আহমেদের কথা হচ্ছিল—কেমন আছেন হুমায়ূন সাহেব?জি, ভালো। আপনি ভালো তো?জি, তা ইদানীং কি নতুন কিছু লিখছেন? একটা সস্তা প্রেমের উপন্যাস লেখার চেষ্টা করছি। তবে যতটা সস্তা হওয়া প্রয়োজন ততটা হচ্ছে না। এ জন্য একটু শঙ্কিত। দোয়া করবেন, যেন লিখতে পারি।কালজয়ী লেখক চুপ।তা আপনি কি নতুন কালজয়ী কোনো কিছু লিখছেন?আপনার রসবোধ ভালো। আপনারা যা-ই বলুন না কেন, এই জনৈক কালজয়ী লেখকের ভক্ত হয়ে গেলাম। হোক নিতান্ত বিপাকে পড়ে, সরে পড়ার জন্য, প্রসঙ্গ এড়াতে কথাটা বলেছিলেন; কিন্তু এর চেয়ে সত্যি কথা তো আর হয় না। এটা একটা বাঁধিয়ে রাখার মতো সত্যি কথা বলেছিলেন ভদ্রলোক—হুমায়ূন আহমেদের রসবোধ ভালো। শুধু ‘ভালো’ বললে কিচ্ছু বলা হয় না। যাঁরা ব্যক্তি হুমায়ূন আহমেদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, তাঁরা বলেন, কথাবার্তায় হুমায়ূন আহমেদ রসোত্তীর্ণ ছিলেন। আমাদের ভাগ্যদড়ি অত দূর লম্বা ছিল না। ঘনিষ্ঠতা তাঁর সঙ্গে যতটুকু, সে ওই লেখক-পাঠক সম্পর্কের ভেতর দিয়ে। সেই সম্পর্ক দিয়ে পাতার পর পাতা পড়তে গিয়ে বুঝেছি—এই মানুষটির রসবোধ নিয়ে আলাদা আলোচনা করতে যাওয়াটা বিরাট একটা বোকামি। হুমায়ূন আহমেদের লেখায় রস নিয়ে ভাবতে গিয়ে আমি একটা মহাজাগতিক ব্যাপার আবিষ্কার করে ফেলেছি; এর জন্য আমাকে বিশেষ পুরস্কারও দেওয়া যেতে পারে। বিষয়টা হলো, আসলে দুই ধরনের রস-লেখক আছেন। একদল হলেন, যাঁরা বলেকয়ে দারুণ রসভরা লেখা লিখতে পারেন। তবে সে লেখার ওপর অবশ্যই ‘রস-রচনা’ লিখে দিতে হয়; তা না হলে কেউ প্রবন্ধ বলে ভুল করে বসতে পারে। আরেক দল আছেন, যাঁরা জীবনে রস-রচনা বলে আলাদা কিছু লেখেন না। ট্র্যাজেডি থেকে রোমান্টিক—যা-ই লিখুন, তা থেকে ওই রস উপচে পড়ে। আমাদের হুমায়ূন আহমেদ হলেন এই দ্বিতীয় গোত্রের লেখক, যাঁকে আলাদা করে রম্যরচনা লিখতে হয় না; রম্য এমনিই এসে জুড়ে বসে।আমার এসব মহাজাগতিক সত্য আবিষ্কারের পর স্থির থাকতে না পেরে হুমায়ূন আহমেদের সামান্য জুনিয়র, সম্পর্কে আমার দাদা এ রকম আরেক জনপ্রিয় লেখকের কাছে গিয়ে বলে ফেললাম। ভাবলাম, এবার আমার জ্ঞানের একটা গতি হবে। আমার সেই দাদা মুখটুখ কালো করে বললেন, ‘বলো তো, সাহিত্যের সব জনপ্রিয় লেখকের মধ্যে মিল কোথায়?’কী বলতে এলাম, আর কী প্রশ্ন! উত্তর দিতে পারলাম না। দাদা মৃদু হেসে ষড়যন্ত্রীর ভঙ্গিতে বললেন, ‘সবার লেখায় রস আছে। রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র থেকে শুরু করে আখতারুজ্জামান ইলিয়াস—সবার লেখায় রস আছে। তবে কি জানো, কারও রস একটু বেশি নিংড়ে বের করতে হয়। আর কারও রস পাত্র পূর্ণ হয়েই থাকে। তোমাদের হুমায়ূন আহমেদ হলেন এই পূর্ণ রসের পাত্র।’আহা! শুনে বড় ভালো লাগল। কিন্তু আমার ভালো লাগলেই তো হবে না। হুমায়ূন আহমেদের নিজের এই রসানুভূতিটা কেমন লাগত?তাঁর লেখা তন্ন তন্ন করে ঘেঁটে যেটা বুঝি, রসিক হিসেবে তাঁর এই পরিচিতির কারণে বড় বিপাকে ছিলেন মানুষটি। কেমন বিপাকে?হুমায়ূন আহমেদ লিখেছেন, বিভিন্ন লেখায় এ রকম রসিকতা করতে করতে বন্ধুমহলে তাঁর একধরনের ‘জোকার’ ভাবমূর্তি হয়ে গিয়েছিল। ফলে যত্রতত্র নাকি রসিকতা করে শোনাতে হতো। যত্রতত্রটা আবার কেমন?হুমায়ূন থেকেই উদ্ধৃত করে শোনাই বরং—‘শিরীন নামে এক মেয়েকে কোনো এক কুক্ষণে নাসিরুদ্দিন হোজ্জার একটা গল্প শুনিয়েছিলাম। তারপর থেকে যেখানেই তার সঙ্গে দেখা হয় সে হাসতে হাসতে গড়িয়ে পড়ে এবং বলে, ওই গল্পটা আরেকবার বলেন, প্লিজ।....সেই সময়কার কথা, নিতান্ত উপায়ান্তর না দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে ব্লাডারের প্রেসার কমাচ্ছি, মনে মনে প্রার্থনা করছি যেন পরিচিত কারও সঙ্গে দেখা না হয়। ঠিক তখন আমার পেছনে একটা রিকশা থামল। আমার বুক ধক করে উঠল। শিরীনের আদুরে গলা, হুমায়ূন ভাই, এখানে কী করছেন? দ্রুত জিপার লাগাতে গিয়ে আরেকটা অ্যাকসিডেন্ট হলো। তবু ফ্যাকাশে হেসে বললাম, তারপর কী খবর, ভালো তো?শিরীন বলল, এ হচ্ছে আমার বান্ধবী লোপা। আপনি একে ওই গল্পটা বলেন তো। সেই থেকে আমি আর রসিকতা করতে পারি না।’এটা হুমায়ূন আহমেদের কথা। আমরা তো জানি, রাস্তার পাশের ওই অ্যাকসিডেন্টের পরেও তিনি কেমন সব রসিকতা চালিয়ে গেছেন। এর ফল আরেকবার পেয়েছিলেন। সেবার মাঝরাতে এক মেয়ের ডাক পেয়ে গিয়েছিলেন তাদের বাড়িতে। উদ্দেশ্য, মেয়েটির চাচাকে হাসাতে হবে। সেই চাচা হার্টের অসুখে শয্যাশায়ী, ডাক্তার বলেছে হাসাতে হবে। হুমায়ূন গেলেন। একটা পুরোনো হাসির গল্প বললেন এবং সবাইকে অবাক করে দিয়ে চাচা হো হো করে হাসলেন। সবশেষে হুমায়ূন আহমেদ চলে আসার সময় চাচা বললেন, ‘এই গল্পের মধ্যে হাসির কী আছে? আমি হেসেছি কেন জানেন? হেসেছি, কারণ, আপনি আমাকে হাসানোর জন্য এসেছেন। শোনেন, এই লোক হাসানোর কাজটা ছেড়ে দিন। মানুষকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করুন। এই দেশের জন্য এখন দরকার কিছু রাগী মানুষ।’হুমায়ূন আহমেদ সহমত পোষণ করে লিখেছেন, সত্যিই আমাদের দেশে কিছু রাগী মানুষ দরকার। প্রিয় হুমায়ূন আহমেদ, নমস্য হুমায়ূন আহমেদ, আমি দ্বিমত পোষণ করছি। আমাদের এই দেশটায় আসলে বিশ্রী রকমের রাগী মানুষে ভরে গেছে। আমাদের দরকার ছিল ভালোবাসার একজন মানুষ, জোছনায় পাগল হতে পারা একজন মানুষ, হাসতে পারা একজন মানুষ, বৃষ্টির প্রেমে পড়া একজন মানুষ। এমন একজন মানুষই ছিল আমাদের ভাঁড়ারে। নাম তাঁর হুমায়ূন আহমেদ।