তিনি একাই তিন পদে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ একজন, কিন্তু দায়িত্ব পালন করছেন তিন পদে। আজ এখানে অফিস করলে কাল ওখানে—এভাবে কাজ সম্পাদন করতে হচ্ছে তাঁকে। ফলে ব্যাহত হচ্ছে তাঁর মূল কর্মস্থলের কর্মকাণ্ড। তিন পদে দায়িত্বপালনকারী এই ব্যক্তিটি হলেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের পটিয়ার উপবিভাগীয় প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী।এই পদের বাইরে তিনি দায়িত্ব পালন করছেন পটিয়া বাইপাস সড়ক উপপরিচালক (আরএমপি-২) ও বন্দর উড়ালসড়কের উপ-প্রকল্প পরিচালক হিসেবে। অবশ্য এর আগে তিনি সওজ দোহাজারী উপবিভাগীয় প্রকৌশলী ও দোহাজারী কারখানার উপবিভাগের সহকারী প্রকৌশলী হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। তখন একসঙ্গে পাঁচ পদে ছিলেন। গত জুন মাসের মাঝামাঝি সময়ে এ দুটি দায়িত্ব নতুন যোগদান করা কর্মকর্তাদের হস্তান্তর করেন। পটিয়া সওজ কার্যালয়ের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, তিনি (মোসলেহ উদ্দিন চৌধুরী) পটিয়া উপবিভাগীয় প্রকৌশলীর দায়িত্ব ছাড়া আরও চারটি অতিরিক্তি দায়িত্ব পালন করায় সপ্তাহে দু-এক দিনের বেশি অফিসে আসতে পারেন না। এ কারণে তিনি যখন যেখানে বসেন বা কাজ করেন, সেখানে গিয়ে অফিসের কাগজপত্রে সই নিয়ে আসতে হয়। এ প্রসঙ্গে মোসলেহ উদ্দিন চৌধুরী বলেন, ‘অতিরিক্ত দায়িত্বের কারণে পটিয়া অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। রাত-দিন এখানে-সেখানে কাজ নিয়ে ব্যস্ত থাকায় একটুও দম ফেলার সময় পাই না। তবে এখন অতিরিক্ত দুটি দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ায় পটিয়া অফিসে নিয়মিত বসে কাজ করতে পারব।’এ প্রসঙ্গে সওজের দোহাজারী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘জনবলসংকটের কারণে একজনকে তিন পদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে কাজেরও ব্যাঘাত হচ্ছে।’