তিনি এখন একটি উদাহরণ

সাবেকুন নাহার (২৮) একজন সফল ব্যবসায়ী। নিজ হাতে তৈরি করেন নানা ধরনের হস্তশিল্পপণ্য। বিক্রি করেন নিজ এলাকায়। এলাকার সবাই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। অনেক মেয়েই এখন চায় তাঁর মতো হতে। তিনি এখন সবার কাছে একটি উদাহরণ।
কিন্তু সাবেকুন নাহারের অবস্থা সব সময় এমন ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের এ অবস্থানে এসেছেন তিনি। ২০০২ সালে কক্সবাজার জেলার সদর উপজেলার আলির জাহাল এলাকার বাসিন্দা নাহারের বিয়ে হয় একই এলাকার জাহাঙ্গীর আলমের সঙ্গে। বিয়ের সময় জাহাঙ্গীর ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। মেয়ের সুখের কথা ভেবে নাহারের মা-বাবা এতে রাজি হন। দাবি অনুযায়ী যৌতুক দেওয়াও হয়।
বিয়ের পর প্রথম এক বছর ভালোই কাটে জাহাঙ্গীর ও নাহারের দাম্পত্য জীবন। এরপর জাহাঙ্গীর আবার নাহারকে বাবার বাড়ি থেকে যৌতুক আনতে বলেন। কিন্তু নাহারের দরিদ্র বাবার পক্ষে আর যৌতুক দেওয়া সম্ভব হচ্ছিল না। যৌতুক না পেয়ে নাহারের স্বামী তাঁর ওপর নির্যাতন চালানো শুরু করেন। মারধরের পাশাপাশি মানসিক নির্যাতনও চলতে থাকে। তাঁকে চরিত্রহীনা বলে অপবাদ দেওয়া হয়। স্বামীর সঙ্গে নির্যাতনে যোগ দেন নাহারের শাশুড়ি ও ননদও। দিনরাত পরিশ্রম করে সংসারের সব কাজ করে দিতেন। তাও কারও মন পেতেন না। তাঁকে ঠিকমতো কাপড় ও খাবারও দেওয়া হতো না। এরই মধ্যে পরপর দুটি মেয়ে হয় নাহারের। মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে নাহার সব নির্যাতন মুখ বুজে সয়ে আসছিলেন।
নাহারের মা-বাবা যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলেও যৌতুক চাওয়া বন্ধ হয় না জাহাঙ্গীরের। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে একদিন নির্যাতনের মাত্রা চরমে ওঠে। জাহাঙ্গীর নিষ্ঠুরভাবে মারেন নাহারকে এবং একপর্যায়ে ঘর থেকে বের করে দেন। দুচোখে অন্ধকার দেখতে থাকেন নাহার। এ সময় নাহার এক প্রতিবেশীর মাধ্যমে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে পরিচালিত নারী সহায়তা কেন্দ্রের কথা জানতে পারেন। চলতি বছরের জানুয়ারি মাসে নারী সহায়তা কেন্দ্রে আসেন নাহার। সেখানে তাঁর জীবনের করুণ কাহিনি শুনে সহায়তা কেন্দ্র কর্তৃপক্ষ তাঁকে সেখানে থাকার ব্যবস্থা করে দেয়। এরপর তারা তদন্তে নামে। মধ্যস্থতার জন্য সালিস বৈঠকে বসতে তারা নাহারের স্বামী ও অন্যদের নোটিশ পাঠায়। এই সময়ের মধ্যে নাহারের মনের জোর বাড়ানোর জন্য নারী সহায়তা কেন্দ্র থেকে মানসিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি হস্তশিল্পপণ্য তৈরির ওপর প্রশিক্ষণ দেওয়া শুরু করে।
গত ৬ অক্টোবর নাহার ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনের উপস্থিতিতে একটি সালিস বৈঠক বসে। সেখানে নাহারের সমস্যা সমাধনের চেষ্টা করা হয়। বৈঠকে নাহার ও জাহাঙ্গীর উভয়ে সংসার করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে নাহার সংসার শুরু করার জন্য কয়েকটি শর্ত বেঁধে দেন। শর্তগুলো হচ্ছে, অর্থ রোজগারের জন্য তাঁর স্বামীকে নিয়মিত কাজ করতে হবে, যেকোনো কারণে তাঁর ওপর স্বামী নির্যাতন চালাতে পারবেন না এবং তাঁর ও তাঁর সন্তানদের নিয়মিত ভরণপোষণ দেবেন।
নাহারের স্বামী জাহাঙ্গীরও নিজের ভুল বুঝতে পারেন। তিনি উপলব্ধি করেন যে তিনি স্ত্রীর সঙ্গে যে আচরণ করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্ত্রীর সব শর্ত মেনে নেন।
নাহার স্বামীর সঙ্গে বাড়ি ফেরেন। ঘরদোর ও বাচ্চা সামলানোর পাশাপাশি তিনি এখন নানা ধরনের হস্তশিল্পপণ্য তৈরি করেন এবং তা বিক্রি করেন। তাঁর স্বামীও তাঁকে এ কাজে সহায়তা করেন। শুধু তা-ই নয়, এ থেকে পাওয়া অর্থ সংসারেও দিচ্ছেন নাহার। ফলে এসেছে সচ্ছলতা। আর পরিবারের সবার কাছে নাহারের গুরুত্বও বেড়েছে।
তথ্যসূত্র: ইউএনএফপিএ