>

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমার একজন কাছের আত্মীয় আমাকে নানাভাবে উত্ত্যক্ত করেন। ছোটবেলায় অনেক মায়া করতেন। এখন একা পেলেই অশালীন আচরণ করেন। বাসায় কেউ না থাকলে তিনি বেশি বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করেন। তাঁর কাছ থেকে দূরে থাকার অনেক চেষ্টা করেছি। কিন্তু তিনি কোনোভাবেই পিছু ছাড়ছেন না। এসবের জন্য সব সময় বিষণ্নতায় ভুগি। ভয় পেয়ে ঘুম থেকে জেগে উঠি। পড়ায় আর আগের মতো মনোযোগ দিতে পারি না। অনেক মেধাবী ছিলাম একসময়। মোবাইল ফোনে তিনি অনেক খারাপ ভাষায় বার্তা পাঠান। আমি কীভাবে তাঁর কাছ থেকে রেহাই পাব?
নাম প্রকাশে অনিচ্ছুক।
পরামর্শ
ঠিক কোন বয়স থেকে বা কত বছর ধরে তোমার আত্মীয়টি এ ধরনের আচরণ করছেন জানি না। তবে তাঁর এই অশালীন আচরণ তোমার মধ্যে যে তীব্র ভীতি, লজ্জা ও ঘৃণা তৈরি করেছে, তাতে সন্দেহ নেই। তোমার মা-বাবার উচিত, ওই মানুষটি যেন কোনোভাবেই তোমার সংস্পর্শে আসতে না পারেন সেই ব্যবস্থা করা। সার্বক্ষণিক তোমাকে এভাবে উত্ত্যক্ত করলে মনের ওপর যে কতটা চাপ পড়ে, সেটির গভীরতা সম্ভবত তাঁরা একেবারেই অনুধাবন করতে পারেননি।
এটি সত্যিই খুব দুঃখজনক।
ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠা ও সারাক্ষণ বিষণ্নতায় ভোগার কথা জেনে মনে হচ্ছে তুমি কিছুটা মানসিক রোগের শিকার হয়ে গিয়েছ। কারণ দীর্ঘ একটি সময় ধরে লাঞ্ছনাকারী তোমার আশপাশেই থাকছেন। শুধু তা-ই নয়, সে কোনোভাবেই নিরস্ত হচ্ছে না। তুমি ইন্টারনেটে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) সম্পর্কে জানতে পারবে। এর জন্য কী চিকিত্সা নেওয়া প্রয়োজন, তা-ও তুমি সেখান থেকে সম্ভব হলে পড়ে নিয়ো।
তোমাকে নিজের মধ্যে শক্তি অর্জন করতে হবে। এতে করে তাঁর এই আচরণগুলো তোমাকে এত বেশি প্রভাবিত করতে পারবে না। তোমার মতো মেধাবী একটি মেয়ের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। জীবন থেকে পালিয়ে গিয়ে নয় বরং যুদ্ধ করে বাঁচার চেষ্টা করতেই হবে। তুমি আর বিলম্ব না করে একই সঙ্গে কোনো প্রশিক্ষিত মনোবিজ্ঞানী ও প্রয়োজনে মনোচিকিত্সকের সহায়তা নাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পাঁচতলায় মানসিক সহায়তা দেওয়া হচ্ছে। সেখানে যোগাযোগ করে প্রথমে কাউন্সেলিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও।