‘অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম চট্টগ্রামে বসে বিশ্বে অসহায় ও নিপীড়িত মানুষের কথা ভাবতেন। চট্টগ্রামবাসীর সব নাগরিক আন্দোলনে তিনি অভিভাবকের ভূমিকায় ছিলেন।’ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভৌত বিজ্ঞানী অধ্যাপক ইমেরিটাস জামাল নজরুল ইসলাম স্মরণে এক অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম এ মন্তব্য করেন।২০ মার্চ বিকেলে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে বাচিক শিল্পচর্চাকেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস এ শোক অনুষ্ঠানের আয়োজন করে। ড. জামাল নজরুল ইসলাম ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য।মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠানে চবির উপাচার্য আরও বলেন, ‘অধ্যাপক জামাল নজরুল ইসলাম ছিলেন বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী। দেশ, জাতি ও ভাষার প্রতি অনুরক্ত মানুষটি আমাদের অভিভাবক ছিলেন।’ চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ বলেন, ‘তিনি সব সময় সবদেশের শ্রমজীবী মানুষের কথা ভাবতেন। তিনি ছিলেন উদ্বিগ্ন বিশ্ব নাগরিক।’চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত বলেন, ‘খ্যাতিমান বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম মাতৃভাষায় বিজ্ঞানচর্চাকে জনপ্রিয় করার জন্য বিশেষ অবদান রেখেছেন। তিনি বিজ্ঞান ও সৌন্দর্যের মেলবন্ধন ঘটিয়েছেন।’ড. জামাল নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ শোকসভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন হোসাইন কবির, রাজনীতিবিদ মফিজুর রহমান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রণজিৎ রক্ষিত, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সুচরিত দাশ, চসিক কাউন্সিলর অ্যাডভোকেট রেহানা বেগম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর সহকারী সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল আলম, অঞ্চল চৌধুরী এবং আবৃত্তিশিল্পী রাশেদ হাসান।অনুষ্ঠানে জামাল নজরুল ইসলামে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতারা।