তিনি ছিলেন সবার বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রেজাউল করিম
মো. রেজাউল করিম

কিছু কিছু মৃত্যু ভোলা সহজ নয়। কষ্ট আর আক্ষেপে সবই চূর্ণ–বিচূর্ণ হয়ে যায়। কেবলই ভাবি কেন এমন হয়? ডা. মো. রেজাউল করিমের প্রস্থানও এমনই এক বিষাদময় ঘটনা।
সম্পর্কে আমার ভগ্নিপতি ডা. রেজাউল করিম নিজেকে গড়ে তুলেছিলেন সমাজের সবচেয়ে যোগ্যতম করে। নিজেকে দাঁড় করিয়েছিলেন এক ঈর্ষণীয় পর্যায়ে। একজন রেজাউল করিম শুধু গুটিকয় ডিগ্রির মোড়কে অাবৃত বিদেশফেরত ডাক্তার ছিলেন না, ছিলেন ডাক্তারি পেশার আভরণে সেবাপরায়ণ এক মানুষ।
রক্তের সম্পর্কের চেয়ে তাঁর আত্মার আত্মীয়দের সংখ্যাই ছিল বেশি। চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি–পেশার লোকজনের সঙ্গে ছিল তাঁর নিবিড় বন্ধুতা। প্রত্যেকের বিপদে–আপদে তিনি সবার আগে এগিয়ে আসতেন। এলাকার লোকদের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত করে দেওয়া, আত্মীয়স্বজনদের পুনর্বাসন, গরিব-মিসকিনদের খাওয়ানো, লেখাপড়ায় সাহায্য করা, বিয়ে দেওয়া, চাকরি দেওয়া, মসজিদ উন্নয়ন, স্কুল-কলেজের উন্নয়ন সম্প্রসারণ—এগুলো ছিল তাঁর নিয়মিত কাজ।
স্বজন হারানোর বেদনা তাই চট্টগ্রামবাসীকে মুহ্যমান করেছিল। বিশেষ করে যে মানুষ সারা জীবন মানুষের রোগ–শোকে সেবা দিয়েছেন, তিনি গত বছর ২২ জুন মাত্র ৬১ বছরে চলে যাবেন, তা কেউ ভাবতেও পারেননি।
ড. রেজাউল করিম ছিলেন একজন সৃজনশীল মানুষ। প্রথমে তিনি পত্রপত্রিকায় লেখালেখি শুরু করেন চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ে। পরে সামাজিক, রাজনৈতিক বিষয়েও লেখালেখি করতেন। ২০০৫ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম বই হৃদরোগ—প্রতিরোধ ও প্রতিকার।
জীবন সম্বন্ধে তাঁর ধারণা ছিল অত্যন্ত স্বচ্ছ, সুন্দর ও ইতিবাচক। তাঁর বাদশা মিয়া রোডের ফ্ল্যাটটা ছিল আত্মীয়-অনাত্মীয় অজস্র মানুষের পদচারণায় মুখর। কে কখন আসছে, খাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসে যাচ্ছে—তার কোনো হিসাব ছিল না। বিশেষ বিশেষ দিনে তঁার বাসায় বসত আনন্দ মেলা। কেউ কোনো প্রয়োজনে এলে ‘না’ বলে ফিরিয়ে দেননি।
মানুষের দোয়াও তিনি পেয়েছেন অকুণ্ঠ। মাঝে মাঝে ভাবি, মানুষের জন্য কিছু করার জন্য কেন এত মুখিয়ে থাকতেন মানুষটি। বড্ড আগেভাগে অতিদূর, বহুদূরের দুর্গম এই পথ পাড়ি দেবেন বলে? এতগুলো মানুষকে আলোর মিছিলে আনা মানুষটা কোন মন্ত্রের টানে এত বিশাল অন্ধকারের মাথায় মিশে গেলেন! তঁার শরীরে গোপনে বাসা বেঁধেছিল ক্যানসার। সমস্ত চিকিৎসা ব্যর্থ হলো, কোনো মন্ত্র জানা জাদুকরও সেটিকে উপড়ে ফেলতে পারল না। নিজেকে প্রবোধ দিতে পারি না কিছুতেই!
l লেখক: সমাজসেবী