তিন্দু ও রেমাক্রির হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় বড় পাথরে ধাক্কা খেতে খেতে রুক্ষ পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে শঙ্খ নদ। স্রোতের শব্দে কান পাতা দায়। দুই পাশে গহিন বন। ঢেউ খেলানো পাহাড়শ্রেণীর বুক চিরে নেমে আসা ঝরনার জল মিশে যাচ্ছে নদীর সঙ্গে। পাহাড়ের ওপর ছায়া সুনিবিড় আদিবাসী জনপদের হাতছানি। প্রকৃতি এখানে দুর্গম, অকৃপণ ও উদ্যত। এখনো মানুষের বিনাশী কর্মকাণ্ডের স্পর্শ লাগেনি এখানে।অপরূপ এই বন্য-নিসর্গ দেখতে হলে যেতে হবে বান্দরবানের তিন্দু ও রেমাক্রিতে। বান্দরবান শহর থেকে ৮১ কিলোমিটার দূরে থানচি উপজেলা। বাসে যেতে সময় লাগবে তিন থেকে চার ঘণ্টা। থানচি থেকে শঙ্খ নদীপথে ১৫ কিলোমিটার গেলে প্রথমে পড়বে তিন্দুু। তিন্দু থেকে আরও ১৫-২০ কিলোমিটার গেলে রেমাক্রিমুখ। যেতে হবে ইঞ্জিনচালিত নৌকায়, সঙ্গে স্থানীয় গাইড নিয়ে। রেমাক্রিমুখ থেকে মিয়ানমার সীমান্ত পর্যন্ত অজস্র ঝরনা আর নিবিড় বন। এ পথে ২০-২৫ কিলোমিটার ট্র্যাকিং করে চলে যাওয়া যায় বাংলাদেশ সীমান্তের শেষ প্রান্ত সাকা হাঁচু বা সূর্যের পাহাড় পর্যন্ত। দুর্গম গিরিসংকুল এই পথে পায়ে রোমাঞ্চ ছড়িয়ে আছে। বন্য সৌন্দর্য যাদের আকর্ষণ করে তাদের জন্য বেড়ানোর আদর্শ জায়গা হতে পারে তিন্দু ও রেমাক্রি। তিন্দু-রেমাক্রির আদিবাসীরা এখনো নিজেদের প্রকৃতিরই অংশ ভাবে। এই এলাকার গাছ, পাথর, বনভূমি, পাহাড় ও বন্যপ্রাণী তাদের কাছে পবিত্র ও পুজ্য। কেবল বন্যসৌন্দর্য নয়, আদিবাসী মানুষদের অকৃত্রিম সরলতাও ভরিয়ে দেবে পর্যটকদের হূদয়। দুর্গম এই এলাকায় প্রতিটি মুহূর্ত মূল্যবান। তাই কোথায় ঘুরবেন, রাত যাপন করবেন তার একটা বিশদ পরিকল্পনা থাকা চাই। মনে রাখতে হবে এ এলাকায় আসতে হলে স্লিপিং ব্যাগ বা তাঁবু, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, পর্যাপ্ত খাবার সঙ্গে নিতে হবে। জানতে হবে প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কৌশল। এ ছাড়া এলাকা সম্পর্কে ভালো ধারণা আছে এবং স্থানীয় ভাষায় পারদর্শী এমন একজন গাইড নিতে হবে সঙ্গে।যা যা দেখার আছে তিন্দুমুখ: তিন্দু ছোট একটি পাহাড়ি ছড়া (ঝরনা)। এখানে বিশাল আকৃতির অসংখ্য পাথরের ফাঁক দিয়ে সশব্দে বয়ে চলছে শঙ্খ নদ। এ জায়গায় বিশাল এক পাথরকে স্থানীয় মারমার জনগোষ্ঠী পূজা করে। মারমারা এই পাথরের নাম দিয়েছে ভংদ। বাংলায় তরজমা করলে অর্থ দাঁড়ায় রাজা পাথর। বিশাল পাথরের উদ্দেশে স্থানীয় মারমারা মোরগ বলি দেয়। তাদের বিশ্বাস এ পাথরে দেবতা রয়েছেন।সীতাবখু: তিন্দুমুখের শেষপ্রান্তে সীতাবখু অবস্থিত। ত্রিপুরা ভাষায় সীতাবখু অর্থ সীতার থুরুং (পিঠে বহন করা হয় এমন ঝুড়ি)। মারমা ভাষায় একে খিয়াংমা ওয়াংডং বা খিয়াং রাজার থুরুং বলা হয়। দুই পাশে ৫০০ ফুট উঁচু পাহাড়। মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে শঙ্খ নদ। নদীর প্রবল স্রোত নানা আকৃতি দিয়েছে এখানকার পাথরগুলোকে। নদীর বুকে একটি পাথর থুরংয়ের আকৃতি পেয়েছে। স্থানীয় আদিবাসিরা তাই এই জায়গার নাম রেখেছেন সীতাবখু। ত্রিপুরাদের বিশ্বাস রাম চন্দ্র এই পথ দিয়েই সীতাকে নিয়ে বনবাসে গিয়েছিলেন। সীতা বনবাসে যাওয়ার সময় ওই বখু বা থুরুং রেখে গেছেন। রেমাক্রিমুখ: রেমাক্রি শঙ্খ নদের একটি ছোট শাখা খাল। খরস্রোতা এ খাল যেখানে ঝরনা আকারে শঙ্খ নদে এসে মিশেছে সেখানে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। স্ফটিকের মতো স্বচ্ছ রেমাক্রির খালের জল। এখানে এলে শোনা যাবে ঝরনার গান। এ এলাকায় দুটি মারমাপাড়া এবং একটি বাজার আছে।ভূতের আয়না বা রুক্ষামাইন: রেমাক্রি খালে রেমাপো ছড়ার উৎসস্থলে আছে একটি স্বচ্ছ খাড়া পাথুরে পাহাড়। এ পাথুরে পাহাড়টি সূর্যের আলোয় রঙ পাল্টায়। দূর থেকে দেখলে মনে হয় জ্বলছে। স্থানীয় ত্রিপুরারা এই পাহাড়ের নাম দিয়েছেন রুক্ষামাইন বা ভূতের আয়না। যোগী পাহাড় ও গুহা: থানচি উপজেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে মিয়ানমারের সীমান্তে যোগী পাহাড় ও গুহা অবস্থিত। রেমাক্রির কালু ত্রিপুরাপাড়া থেকে প্রায় চার ঘণ্টা পায়ে হেঁটে এ পাহাড়ে যাওয়া যায়। এ পাহাড়ে একটি পাথরের গুহা রয়েছে। পাহাড়ের চূড়ায় দাঁড়ালে মিয়ানমারের পিক্ষ্যং নদী ও বাংলাদেশের শঙ্খ উপত্যকার মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। সাকা হাঁচু বা সূর্যের পাহাড়: যোগী পাহাড়ের পাশে এ পাহাড় অবস্থিত। ত্রিপুরাদের বিশ্বাস বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় এটি। এ পাহাড় থেকে সবার আগে সূর্য ও সূর্যের আলো দেখা যায় বলে ত্রিপুরারা এর নাম রেখেছেন সাকা হাঁচু বা সূর্যের পাহাড়। নাফাকুম: রেমাক্রি খালে বিশাল ও দর্শনীয় ঝরনা নাফাকুমের নাম অনেক পর্যটকই শুনেছেন। রেমাক্রিমুখ থেকে প্রায় তিন ঘণ্টা হেঁটে নাফাকুম পৌঁছানো যায়। বিশাল ধারার এই ঝরনাকে ভালোবেসে অনেকে বলেন বাংলাদেশের নায়েগ্রা জলপ্রপাত।