তির্যক নাট্যগোষ্ঠীর ৩৮ বছর
গত শুক্রবার শিল্পকলা একাডেমীতে তির্যক নাট্যগোষ্ঠী উদ্যাপন করল তাদের ৩৮ বছরপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল তির্যক নাট্যগোষ্ঠীর সদস্যদের পুনর্মিলনী। দ্বিতীয় অংশে ছিল নাটকের গান, আলোকচিত্র ও নাটকের অংশবিশেষের উপস্থাপন। ৩৮টি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নাটকের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা সদস্য নাট্যজন রবিউল আলম। এরপর সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে চলে হাতে রাখি পরিয়ে দেওয়া। বর্তমানে সক্রিয় সদস্যদের সঙ্গে প্রতিষ্ঠাতা সদস্য ও পুরোনো সদস্যদের পরিচয় ও অভিজ্ঞতা বিনিময়ের সময় নবীন সদস্যরা যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন তেমনি পুরোনো সদস্যরা তাঁদের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।নাট্যজন রবিউল আলম স্বাগত বক্তব্যে তাঁর নাট্যজীবন শুরুর কথা ও তির্যক নাট্যগোষ্ঠীর জন্মকথা বলেন। দলের সংক্ষিপ্ত কার্যক্রম পাঠ করেন খালেদ হেলাল। তির্যক নাট্যগোষ্ঠীর প্রথম নাটক জননীর মৃত্যু চাই নাটকের প্রথম রজনীর প্রধান অভিনেতা ইশতিয়াক বাবু কিছু অংশ পাঠ করে শোনান। কবর নাটকের অংশবিশেষ পাঠ করেন রবিউল আলম ও জাহাঙ্গীর কবীর। তাদের সর্বাধিক মঞ্চায়িত নাটক সমাধান -এর অংশবিশেষ পাঠ করেন প্রথম প্রদর্শনীর কর্মী ও বর্তমান প্রজন্মের কর্মীরা। নওমান ও আলম খান ভরাট গলায় স্বপ্নবত্ ও অ্যাজ ইউ লাইক ইট নাটকের গান শুরু করলে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। তাঁদের গানের তালে তালে পুরো গ্যালারির সবাই কণ্ঠ মেলান। আবৃত্তিশিল্পী রাশেদ হাসান বছর পূর্তিতে ফুলেল শুভেচ্ছা দিয়ে বক্তব্য দেন, শুভেচ্ছা বক্তব্য দেন নাট্যজন মশিউর রহমান আদনান, সনজীব বড়ুয়া, সাবিরা সুলতানা বীণা ও কবি-সাংবাদিক এজাজ ইউসুফী। তির্যকের সহসভাপতি জাহাঙ্গীর কবীর সমাপনী বক্তব্য দেন। এরপর কেক কেটে শেষ হয় তির্যক নাট্যগোষ্ঠীর ৩৮ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠান।