তির্যকের চার দশক পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়েজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় তির্যকের চার দশক পূর্তির অনুষ্ঠান। এ উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে তির্যক নাট্যদল ও তির্যক নাট্যগোষ্ঠী। নগরের শিল্পকলা একাডেমীতে ১৬ থেকে ২১ মে ছয় দিনব্যাপী নাট্য উত্সবের আয়োজন করে তির্যক নাট্যগোষ্ঠী। অপর দিকে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম(টিআইসি) মিলানায়তনে তির্যক নাট্যদলের বছরব্যাপী অনুষ্ঠান উদ্বোধন হয় ১৬ মে।
শিল্পকলা একাডেমীতে ১৬ মে লোকনাট্যদলের কঞ্জুস নাটকের মধ্য দিয়ে তির্যক নাট্যগোষ্ঠীর ছয় দিনব্যাপী নাট্য উত্সব শুরু হয়। মলিয়েরের এই নাটকে মানুষের কপটতা, লোভ ও মিথ্যা মর্যাদাবোধকে ব্যঙ্গ করা হয়েছে। লিয়াকত আলী লাকীর নির্দেশনায় ৬৪২তম মঞ্চায়ন হলো এই নাটকের।
ছয় দিনের নাট্য উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, এজাজ ইউসুফী, নাট্যজন কুন্তল বড়ুয়া, ববিতা বড়ুয়া, সাইফুল আলম প্রমুখ।
উত্সবের দ্বিতীয় দিন ১৭ মে শামীম হাসানের নির্দেশনায় অরিন্দম নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাটক কবি। হাসান আজিজুল হক রচিত ও মঈন উদ্দিন কোহেল নির্দেশিত উত্তরাধিকারের মন তার শঙ্খিনী মঞ্চস্থ হয় ১৮ মে। বদরুজ্জামান আলমগীরের রচনায় ও শামীম হাসানের নির্দেশনায় ১৯ মে মঞ্চস্থ হয় তির্যক নাট্যগোষ্ঠীর পরিবেশনায় নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে। ২০ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রযোজনায় পরিবেশিত হয় স্ট্রিন্ডবার্গ রচিত নাটক দ্য ফাদার। শেষ দিন ২১ মে প্রবীর দত্ত রচিত ও অসীম দাশ নির্দেশিত গণায়ন নাট্যসম্প্রদায়ের কমরেডস হাত নামান মঞ্চস্থ হয়।
২০ মে মঞ্চস্থ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের পরিচালনায় ফারজানা আফরীন নির্দেশিত নাটক দ্য ফাদার ছিল চট্টগ্রামের অনেক দর্শকের জন্য নতুন। স্ট্রিন্ডবার্গ এই নাটকে দাম্পত্য সম্পর্কের মধ্যে সন্দেহের অনুপ্রবেশ ও তার পরিণাম অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন।
১৬ মে সন্ধ্যা ছয়টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে তির্যক নাট্যদলের ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালায় সূচনা পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞানী অনুপম সেন।
অনুষ্ঠানের শুরুতে তির্যক নাট্যদলের পক্ষে স্বাগত বক্তব্য দেন দলের প্রধান আহমেদ ইকবাল হায়দার।
এরপর বক্তব্য দেন এক সময়ের তির্যক কর্মী ও সাংসদ হাসান মাহমুদ এবং রাজনীতিবিদ আ জ ম নাছির উদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন শিল্পী শীলা মোমেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন রণজিত্ রক্ষিত, রাশেদ হাসান, অলক ঘোষ, বিক্রম চৌধুরী, সুচরিত দাশ, মনসুর মাসুদ, গোলাম সরোয়ার প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় তির্যক নাট্যদল, ওডিশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, স্কুল অব ওরিয়েন্টাল ডান্সের সদস্যরা।