তির্যক নাট্যদলের নতুন প্রযোজনা কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহর তরঙ্গভঙ্গ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী কাল শুক্রবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। একই মঞ্চে পরদিন ৪ জুন শনিবার সন্ধ্যা সাতটায় নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত তরঙ্গভঙ্গ তির্যক নাট্যদলের ৪৪তম প্রযোজনা।
তরঙ্গভঙ্গ নাটকে দেখা যাবে আমেনা নামের অতি দরিদ্র এক মেয়ে ক্ষুধার জ্বালায় হত্যা করেছে তার আদরের শিশুসন্তান এবং কঠিন রোগে আক্রান্ত কাঠগড়ায় আমেনা অবিচলিত। কিন্তু বিচারক বিষণ্ন। তিনি নানা দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হতে থাকেন। নাটকে অভিনয়ে এবং নেপথ্যে রয়েছেন সুজিত চক্রবর্তী, মাহবুবুল ইসলাম, এ কে এম ইছমাইল, রমিজ আহমেদ, তন্বী চৌধুরী, মফিজুর রহমান, রিপন বড়ুয়া, অমিত চক্রবর্তী, জুয়েল চাকমা, কিরীটি সাহা, মোহাম্মদ নুরুদ্দিন নিহাল, আবদুল্লাহ আল মামুন ও আহমেদ ইকবাল হায়দার। বিজ্ঞপ্তি।